বিয়ের ৩ মাসেই শেষ সব! তরুণীর মৃত্যুতে বড় মোড়, স্বামীকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

দিল্লির লোদি কলোনি এলাকায় ২৮ বছর বয়সী এক তরুণীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত তরুণীর নাম আকৃতি সুতার। শনিবার সন্ধ্যায় লোদি কলোনির একটি আবাসিক ভবনের সামনে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সোমবার নিহতের স্বামী অরাস্তু সিক্কাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
কী ঘটেছিল সেদিন?
প্রাথমিকভাবে আকৃতির মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করা হলেও, পরিবারের অভিযোগে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। আকৃতির পরিবারের দাবি, তিনি মানসিকভাবে অত্যন্ত দৃঢ় ছিলেন এবং কখনোই এমন পদক্ষেপ নিতে পারেন না। পরিবারের অভিযোগ, গত এপ্রিলে বিয়ের পর থেকেই স্বামী অরাস্তু সিক্কা ও শ্বশুরবাড়ির লোকজন আকৃতির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।
পরিবারের চাঞ্চল্যকর অভিযোগ
নিহতের ভাইয়ের দাবি, বিয়ের পর থেকেই অরাস্তু ২০ লক্ষ টাকা যৌতুক চেয়ে আকৃতির ওপর চাপ সৃষ্টি করেছিল। চাতারপুরের একটি বেসরকারি সংস্থায় সেলস এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আকৃতি সম্প্রতি কাজেও যোগ দিয়েছিলেন। ভাইয়ের অভিযোগ, মৃত্যুর মাত্র দুদিন আগেই অরাস্তু তাঁকে খুনের হুমকি দিয়েছিল। আকৃতির শ্বশুরবাড়ির লোকজনের দাবি, তিনি অবসাদে ভুগছিলেন—কিন্তু এই তত্ত্ব সম্পূর্ণ অস্বীকার করেছে তাঁর পরিবার।
পুলিশের পদক্ষেপ
দক্ষিণ দিল্লির ডিসিপি অনন্ত মিত্তল জানিয়েছেন, আকৃতির পরিবারের অভিযোগের ভিত্তিতে তার স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনসহ ভারতীয় ন্যায় সংহিতার (BNS) বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ অরাস্তুকে গ্রেপ্তার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
তদন্তের মূল লক্ষ্য
পুলিশ সূত্রে খবর, মৃত্যুর প্রকৃত কারণ জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আকৃতির পুস্প বিহারের বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে লোদি কলোনিতে কীভাবে তিনি পৌঁছালেন এবং শেষ পর্যন্ত কাদের সাথে তাঁর যোগাযোগ হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অরাস্তু ও আকৃতি দীর্ঘ ৮ বছর প্রেমের সম্পর্কের পর গত ২৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বর্তমানে অরাস্তু বেকার বলে জানা গেছে।