হোয়াটসঅ্যাপে একটি ক্লিকই হতে পারে সর্বনাশের কারণ! ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হওয়ার আগে জেনে নিন বাঁচার উপায়

ডিজিটাল যুগে যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। কিন্তু জনপ্রিয়তার সুযোগ নিয়ে সক্রিয় হয়েছে সাইবার অপরাধীরা। চাকরির প্রলোভন, ভুয়া পুরস্কার কিংবা পরিচিত সেজে টাকা চাওয়ার মতো নানা কৌশলে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে প্রতারকরা। সাইবার জালিয়াতির হাত থেকে বাঁচতে আজই নিজের নিরাপত্তা নিশ্চিত করুন।
প্রতারকদের হাত থেকে বাঁচতে বিশেষজ্ঞদের পরামর্শ:
-
লিঙ্কে ক্লিক করার আগে সতর্ক হোন: প্রতারকরা ব্যাংক বা সরকারি ওয়েবসাইটের মতো হুবহু নকল লিঙ্ক পাঠায়। কিউআইসি (KYC) আপডেট বা বিশেষ অফারের নামে আসা কোনো লিঙ্কে তাড়াহুড়ো করে ক্লিক করবেন না।
-
ওটিপি ও স্ক্রিন শেয়ারিং থেকে দূরত্ব: কোনো প্রতিষ্ঠান বা ব্যাংক কখনোই হোয়াটসঅ্যাপে ওটিপি বা ব্যক্তিগত তথ্য চায় না। আর অপরিচিত ব্যক্তির সঙ্গে ভুল করেও স্ক্রিন শেয়ার করবেন না, এতে আপনার ফোনের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যেতে পারে।
-
পরিবারের নামে আসা মেসেজে বিভ্রান্ত হবেন না: বর্তমান সময়ে প্রতারকরা পরিবারের সদস্য সেজে জরুরি চিকিৎসার খরচ বা বিপদের অজুহাতে টাকা চায়। এমন কোনো মেসেজ পেলে হুট করে টাকা না পাঠিয়ে ওই আত্মীয়ের পুরনো বা আসল নম্বরে সরাসরি ফোন করে বিষয়টি যাচাই করে নিন।
-
অপরিচিত কল ও নম্বর ব্লক: হোয়াটসঅ্যাপের ‘সাইলেন্স আননোন কলারস’ (Silence Unknown Callers) ফিচারটি চালু করুন। এতে অপরিচিত নম্বর থেকে আসা বিরক্তিকর বা বিপজ্জনক কলগুলো সরাসরি ব্লক হয়ে যাবে।
-
নিরাপত্তা বাড়ান: হোয়াটসঅ্যাপে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ (Two-Step Verification) চালু করুন। এছাড়া প্রাইভেসি সেটিংসে গিয়ে আপনার প্রোফাইল ফটো ও লাস্ট সিন শুধুমাত্র পরিচিতদের জন্য সীমাবদ্ধ করে রাখুন।
সন্দেহজনক বার্তা রিপোর্ট করুন যদি কোনো মেসেজ সন্দেহজনক মনে হয়, তবে চুপ না থেকে রিপোর্ট করুন। চ্যাটের অপশন থেকে ‘রিপোর্ট অ্যান্ড ব্লক’ (Report and Block) সিলেক্ট করুন। আপনার একটি সচেতন পদক্ষেপ হয়তো অন্য অনেক ব্যবহারকারীকে প্রতারণার হাত থেকে রক্ষা করবে।
মনে রাখবেন, সাইবার অপরাধীরা সাধারণত আপনার অস্থিরতা বা তাড়াহুড়োর সুযোগ নেয়। যেকোনো ডিজিটাল ট্রানজ্যাকশন করার আগে সবসময় ঠান্ডা মাথায় চিন্তা করুন এবং যাচাই করে নিন।