‘বাজেট তৈরি করতাম না আমি!’ পদত্যাগের পরই বিস্ফোরক চন্দ্রিমা, তোলপাড় রাজ্য রাজনীতি

তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই এক ভয়াবহ ‘বোমা’ ফাটালেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থমন্ত্রীর দায়িত্বে থেকেও বাজেট তৈরির প্রক্রিয়ায় তাঁর কোনো ভূমিকা ছিল না বলে বিস্ফোরক দাবি করেছেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক বিতর্ক।
কী বললেন প্রাক্তন অর্থমন্ত্রী?
দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন চন্দ্রিমা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচনের আগে বাজেট পেশও করেছিলেন তিনি। শনিবার সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চন্দ্রিমা বলেন, “আমাকে যেভাবে কাজ করতে বলা হয়েছে, আমি সেটাই করেছি। কিন্তু আমার সঙ্গে আলোচনা করে বাজেট তৈরি করা হতো না। সাধারণ মানুষ যখন বাজেট শুনতেন, আমি তার কয়েক ঘণ্টা আগে জানতে পারতাম বাজেটে কী রয়েছে।”
দায়িত্বে থাকাকালীন কেন এই কথা বলেননি—এমন প্রশ্নের উত্তরে প্রাক্তন মন্ত্রী জানান, গোপনীয়তা রক্ষার শপথের কারণেই তিনি এতদিন মুখ খোলেননি। তবে বাজেট তৈরির নেপথ্যে আসল কারিগর কে ছিলেন, তা জানেন না বলেই দাবি তাঁর।
তদন্তের দাবিতে সরব বিজেপি
চন্দ্রিমার এই মন্তব্যকে হাতিয়ার করে রাজ্য সরকারকে বিঁধছে বঙ্গ বিজেপি। দলের মুখপাত্র দেবজিৎ সরকার সরাসরি প্রশ্ন তুলেছেন, “অর্থমন্ত্রী যদি নিজেই না জানেন বাজেট কে তৈরি করত, তবে কি তবে কি আইপ্যাক (I-PAC) বাজেট তৈরি করে দিত? বিষয়টি অত্যন্ত গুরুতর। এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যের একজন প্রাক্তন অর্থমন্ত্রীর এহেন মন্তব্য সরকারি বাজেট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি করে দিয়েছে। বিষয়টি নিয়ে শাসকদলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।