‘আরবানা’ মন্তব্যে বিতর্ক! কিন্তু জানেন কি রচনার আসল নাম কি? কেন নাম বদলাতে হয়েছিল তাঁকে?

সম্প্রতি ‘আরবানা’ আবাসনের আভিজাত্য নিয়ে অভিনেত্রী-সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। “আরবানায় থাকতে গেলে যোগ্যতা লাগে”—তাঁর এই বক্তব্য নিয়ে বাংলা ইন্ডাস্ট্রি থেকে নেটপাড়া—সবই এখন সরব। রচনার এই মন্তব্য নিয়ে যখন হাসির রোল উঠেছে, তখন অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, পর্দায় দাপিয়ে বেড়ানো এই অভিনেত্রী কি সত্যিই সব সময় ‘রচনা’ নামেই পরিচিত ছিলেন? উত্তর হলো, না!
ঝুমঝুম থেকে রচনা হওয়ার গল্প তিন দশকের বেশি সময় ধরে টলিউড ও ওড়িশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন রচনা। কিন্তু তাঁর আসল নাম শুনলে অনেকেই চমকে যাবেন। অভিনেত্রী-সাংসদের আসল নাম ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। অভিনয় জগতে পা রাখার শুরুতে যখন তাঁর বাবা তাঁকে প্রখ্যাত অভিনেতা সুখেন দাসের কাছে নিয়ে যান, তখনই বদলে যায় তাঁর নাম।
কেন বদলানো হলো নাম? একটি সাক্ষাৎকারে রচনা নিজেই জানিয়েছিলেন, তাঁর নাম ‘ঝুমঝুম’ শুনে সুখেন দাস বলেছিলেন, “এই নামটা পাল্টাতে হবে।” তাঁর যুক্তি ছিল, ‘ঝুমঝুম’ নাম শুনলে লোকে ভাবতে পারে অভিনেত্রী মুনমুন সেনের ছোট বোন। এরপরই রবীন্দ্র রচনাবলি থেকে নাম খোঁজা শুরু হয়। হঠাৎই সুখেন দাস রবীন্দ্র রচনাবলির ওপর আঙুল রেখে বলেন, “রবীন্দ্র রচনাবলির ‘রচনা’ নামটা কী ক্ষতি করল? সেটাই থাক।” সেই থেকেই ‘ঝুমঝুম’ হয়ে উঠলেন ‘রচনা’।
ক্যামেরার সামনে ও পিছনে রচনা সিনেমা থেকে ‘দিদি নম্বর ১’—দীর্ঘদিন বাঙালির ড্রয়িংরুমে রচনার রাজত্ব। যদিও সাম্প্রতিককালে ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালনা থেকে দুই দিনের নোটিশে সরে যাওয়া এবং রাজনীতিতে যোগ দিয়ে নতুনভাবে আলোচনায় উঠে এসেছেন তিনি। একদিকে আরবানার বিলাসিতা নিয়ে বিতর্ক, অন্যদিকে তাঁর অতীত জীবনের অজানা কাহিনী—সব মিলিয়ে টলিউডের এই মুহূর্তে ‘হট টপিক’ হয়ে উঠেছেন তিনি।