গাড়ির মাইলেজ কমছে? ইথানল নিয়ে ছড়ানো গুজবের কড়া জবাব দিলেন হরদীপ সিং পুরী

পেট্রোলে ইথানল মিশ্রণ নিয়ে চলমান বিতর্কের মাঝে বড়সড় সাফল্য তুলে ধরলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ইথানল মিশ্রণ কর্মসূচির ফলে বিগত ১১ বছরে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন এসেছে এবং পরিবেশ রক্ষাতেও এই পদক্ষেপ মাইলফলক হয়ে দাঁড়িয়েছে।
অর্থনৈতিক সাফল্যের খতিয়ান: মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ২০১৪-১৫ থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ইথানল ব্যবহারের ফলে ভারত ১.৯০ লক্ষ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পেরেছে। এই কর্মসূচির ফলে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন দেশের অন্নদাতারা। আখ ও অন্যান্য শস্য কেনার জন্য কৃষকদের হাতে পৌঁছেছে ১.৬০ লক্ষ কোটি টাকা। এছাড়া, গত ১১ বছরে ৩১ মিলিয়ন মেট্রিক টনেরও বেশি অপরিশোধিত তেল আমদানি হ্রাস করতে সক্ষম হয়েছে ভারত।
মাইলেজ কমছে? কী বললেন মন্ত্রী: পেট্রোলে ২০ শতাংশ ইথানল মিশ্রণের ফলে গাড়ির মাইলেজ কমে যাচ্ছে—এমন গুঞ্জনে সরব অনেকেই। এই প্রশ্নের জবাবে মন্ত্রী সাফ জানিয়েছেন, এই দাবি ভিত্তিহীন। উল্টো, ইথানলের ব্যবহারে ইঞ্জিনের কর্মক্ষমতা বাড়ে এবং ত্বরণ (Acceleration) ভালো হয়। মাইলেজে কোনো ফারাক অনুভূত হলে তা রাস্তার অবস্থা, ট্র্যাফিক জ্যাম বা গাড়ি চালানোর ধরনের জন্যই হয়ে থাকে। ইথানলকে কোনোভাবেই এর জন্য দায়ী করা যায় না।
বীমা ও ভবিষৎ পরিকল্পনা: গাড়ির ইঞ্জিনের ক্ষতির জন্য বীমা কোম্পানিগুলো দাবি প্রত্যাখ্যান করছে বলে যে খবর ছড়িয়েছে, তাও নাকচ করেছেন মন্ত্রী। বীমা সংস্থাগুলোর সাথে আলোচনা করে তিনি জানিয়েছেন, ইথানলের কারণে কোনো বীমা আটকে নেই।
বর্তমানে দেশে ২০% ইথানল মিশ্রিত পেট্রোল দেওয়া হচ্ছে। প্রযুক্তিগত দিক থেকে সব পরীক্ষায় সফল হওয়ার পরেই সরকার মিশ্রণের হার ২৫% পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা নিচ্ছে। ইথানল নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভুল ধারণা রয়েছে, তা দূর করতে পেট্রোলিয়াম মন্ত্রক একটি বিশেষ নির্দেশিকা বা নোট প্রকাশ করেছে।
এককথায়, ইথানল মিশ্রণ কেবল তেলের আমদানি কমিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে না, বরং পরিবেশ দূষণ (৯৩ মিলিয়ন মেট্রিক টন কার্বন নিঃসরণ কমানো) রোধেও বড় ভূমিকা পালন করছে।