“কবরেরও জায়গা নেই”-ফ্রান্সের সব গোরস্থান আগামী ১০ দিন বুকড, ভয়াবহ গরমে বাড়ছে মৃত্যু

তীব্র তাপপ্রবাহে কার্যত তপ্ত কড়াইয়ে পরিণত হয়েছে ইউরোপ। চলতি মৌসুমে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতেই ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে প্রবল আতঙ্ক। হিটওয়েভের দাপটে ফ্রান্সসহ একাধিক দেশে মৃতের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, শেষকৃত্য সম্পন্ন করার জন্য এখন দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে স্বজনদের। কবরস্থানে যেমন মিলছে না জায়গা, তেমনই মর্গেও মৃতদেহ রাখার মতো আর কোনো স্থান অবশিষ্ট নেই।

ফ্রান্সের পাবলিক হেলথ এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, মাত্র পাঁচ দিনে দেশটিতে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে এবং এই সংখ্যা প্রতি মুহূর্তে বাড়ছে।

প্যারিসের অরলি এলাকার একটি শেষকৃত্য পরিষেবা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জুহায়ের হারতেলি জানিয়েছেন, তাঁদের কোল্ড স্টোরেজে ৩২টি মৃতদেহ রাখার মতো জায়গা থাকলেও, তা বর্তমানে সম্পূর্ণ ভর্তি। হারতেলি জানান, “এই সপ্তাহান্তে মৃতদেহ গ্রহণের জন্য আমরা দেড়শতাধিক ফোন পেয়েছি। কিন্তু মর্গে তিল ধারণের জায়গা না থাকায় একটি দেহও আমরা গ্রহণ করতে পারিনি।”

তিনি আরও জানান, মৃতদেহ রাখার জায়গার সন্ধানে বৃদ্ধাশ্রম, পুলিশ, স্থানীয় প্রশাসন এবং মৃতের পরিবারের সদস্যরা মরিয়া হয়ে যোগাযোগ করছেন। কিন্তু চাহিদা অনুযায়ী পরিষেবা দিতে না পারায় চরম অসহায় অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে কোনো কবরস্থানে যোগাযোগ করলে শেষকৃত্যের জন্য আগামী ১০ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসনের কাছে অতিরিক্ত মৃতদেহ সংরক্ষণের জন্য রেফ্রিজারেটেড ট্রেলার ব্যবহারের অনুমতি চেয়েছেন হারতেলি।

গত দু’দিনে ফ্রান্সে তাপমাত্রা কিছুটা কমলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে নয়। দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে পারে এবং আগামী সপ্তাহেও তাপপ্রবাহের কবলে থাকবে গোটা দেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *