“শহিদ দিবস তো দূর, কোনও সভাই হবে না”-ভিক্টোরিয়া হাউস চত্বরে ৬০ দিনের জন্য কড়া নিষেধাজ্ঞা?

একুশে জুলাইয়ের শহিদ দিবস সমাবেশের প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক সেই সময়েই কলকাতা পুলিশের এক নির্দেশিকায় বড়সড় রাজনৈতিক শোরগোল পড়ে গেল। ধর্মতলার ভিক্টোরিয়া হাউস তথা সিইএসসি (CESC) দফতরের আশেপাশের এলাকায় আগামী ৬০ দিনের জন্য সমস্ত ধরনের সভা, সমাবেশ এবং মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করল লালবাজার।

মঙ্গলবার নগরপাল (CP) অজয় নন্দ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩-এর ১৬৩ নম্বর ধারা (পূর্বতন ১৪৪ ধারা) জারি করা হয়েছে। আগামী ২ জুলাই থেকে ৩০ অগাস্ট, ২০২৬ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। কেসি দাস ক্রসিং থেকে শুরু করে ওয়াই চ্যানেল, ভিক্টোরিয়া হাউস এবং তার আশেপাশের সমস্ত কানেক্টিং রাস্তায় ৫ বা তার বেশি মানুষের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ব্যতিক্রম হিসেবে শুধুমাত্র বেন্টিঙ্ক স্ট্রিটকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে।

২১ জুলাইয়ের সমাবেশ কি অনিশ্চিত?

প্রতি বছর একুশে জুলাইয়ের শহিদ দিবস সমাবেশের মূল মঞ্চ ভিক্টোরিয়া হাউসের সামনেই তৈরি করা হয়। পুলিশের এই ৬০ দিনের নিষেধাজ্ঞার সময়সীমার মধ্যেই ২১ জুলাই তারিখটি পড়ছে। স্বাভাবিকভাবেই এই নির্দেশের পর তৃণমূল কংগ্রেসের এই মেগা সমাবেশ নিয়ে তৈরি হয়েছে প্রবল সংশয়। প্রশাসন সরাসরি ২১ জুলাইয়ের সমাবেশের নাম না করলেও, যে এলাকায় নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেখানেই তৃণমূল তাদের মঞ্চ বাঁধে। ফলে এবার কি তবে মঞ্চের স্থান পরিবর্তন করতে হবে? তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।

পুলিশের সাফাই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা সূত্রে পাওয়া নির্দিষ্ট কিছু রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই এলাকায় বেআইনি জমায়েত বা বিশৃঙ্খলার জেরে শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও মধ্য কলকাতার প্রধান বাণিজ্যিক অঞ্চলে যান চলাচল সচল রাখা ও জনজীবন স্বাভাবিক রাখতেই এই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।

নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, নিয়ম লঙ্ঘন করলে পুলিশ কঠোর আইনি পদক্ষেপ নেবে। এখন দেখার বিষয়, একুশে জুলাইয়ের মতো এত বড় একটি রাজনৈতিক কর্মসূচির জন্য তৃণমূল কংগ্রেস প্রশাসনকে কোনো বিকল্প প্রস্তাব দেয় কি না, নাকি এই নিষেধাজ্ঞা ঘিরে নতুন করে সংঘাত দানা বাঁধে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *