ইভি কেনার আগে সাবধান! আপনার বাড়ির বিদ্যুত ব্যবস্থা কি প্রস্তুত? বড় বিপদের ঝুঁকি ৪৫% বাড়িতে

ভারতে ইলেকট্রিক গাড়ির (EV) চাহিদা তুঙ্গে। সাশ্রয়ী খরচ আর পরিবেশবান্ধব হওয়ায় বৈদ্যুতিক স্কুটার ও গাড়ির দিকে ঝুঁকছেন সাধারণ মানুষ। তবে সরকার এবং বিভিন্ন সংস্থা ইভি বিক্রিতে উৎসাহ দিলেও, একটি নতুন প্রতিবেদন প্রকাশ্যে আসার পর চিন্তায় পড়েছেন বিশেষজ্ঞরা। দেখা যাচ্ছে, ইভি বিক্রির চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাড়িতে ‘নিরাপদ চার্জিং’ ব্যবস্থা।
মূল সমস্যা কোথায়? অ্যালায়েন্স ফর অ্যান এনার্জি-এফিশিয়েন্ট ইকোনমি (AEEE) এবং কাজাম-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতের মাত্র ৫৫% বাড়ি বৈদ্যুতিক গাড়ি চার্জ করার জন্য পুরোপুরি প্রস্তুত। বাকি ৪৫% বাড়ির বৈদ্যুতিক পরিকাঠামো এখনকার ইভি চার্জারগুলোর ভার বহনের উপযোগী নয়।
কেন এই সতর্কতা? অনেকেই নতুন ইভি কেনার পর সাধারণ পাওয়ার সকেট বা এক্সটেনশন কর্ড ব্যবহার করে চার্জ দেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পুরোনো ওয়্যারিং বা লো-ভোল্টেজ সকেটে দ্রুতগতির চার্জার ব্যবহার করলে বড়সড় অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকে। এর ফলে চার্জার বিকল হওয়া, ব্যাটারির আয়ু কমে যাওয়া এবং মারাত্মক শর্ট সার্কিটের সম্ভাবনা প্রবল।
প্রতিবেদনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
-
বিপজ্জনক পদ্ধতি: প্রায় ৩০% ইভি ব্যবহারকারী অস্থায়ী বা অনিরাপদ উপায়ে চার্জ দিচ্ছেন, যা দীর্ঘমেয়াদে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
-
অ্যাপার্টমেন্টের সংকট: মুম্বাই, বেঙ্গালুরু বা দিল্লির মতো মেট্রো শহরগুলোতে ৭০-৭৫% মানুষ ফ্ল্যাটে থাকেন। সেখানে পার্কিংয়ের জায়গা থেকে শুরু করে চার্জার বসানোর অনুমতি পাওয়া—পুরোটাই এক বড় ঝক্কি। আরডব্লিউএ (RWA) বা বাড়িওয়ালার অনুমতির অভাবে বহু মানুষ ইভি কিনেও বিপাকে পড়ছেন।
-
দ্রুত বাড়ছে সংখ্যা: ২০২৬ সালে ইভি বিক্রির সংখ্যা ২৩ লক্ষ ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। যার ৯১ শতাংশই দুই ও তিন চাকার যান। কিন্তু চার্জিং পরিকাঠামো সেই হারে বাড়েনি।
আপনার কী করা উচিত? ইভি কেনার আগে কেবল গাড়ির রেঞ্জ বা ফিচার দেখলে চলবে না, বরং নিজের বাড়ির বৈদ্যুতিক সক্ষমতা যাচাই করা জরুরি। ১. আপনার বাড়ির মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড (DB) ইভি চার্জারের লোড নিতে পারবে কি না, তা একজন দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে পরীক্ষা করান। ২. ফ্ল্যাটে থাকলে সোসাইটির সাথে আগে চার্জিং পয়েন্ট স্থাপনের অনুমতি নিয়ে আলোচনা করুন। ৩. কখনোই সাধারণ মাল্টিপ্লাগ বা সস্তা এক্সটেনশন কর্ড ব্যবহার করে ইভি চার্জ করবেন না।
মনে রাখবেন, স্মার্ট বাহন কেনার পাশাপাশি বাড়ির বিদ্যুৎ ব্যবস্থাকেও ‘স্মার্ট’ ও নিরাপদ করা এখন সময়ের দাবি।