“ধূমপান থেকে হকারি…?”-বদলে যাচ্ছে রেলের ১৪টি নিয়ম, না জানলে জরিমানা

ভারতীয় রেলে যাতায়াতকারী কোটি কোটি যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ‘পাবলিক ট্রাস্ট (বিধান সংশোধন) আইন, ২০২৬’-এর অধীনে ভারতীয় রেলের নিয়মকানুন, জরিমানা এবং শাস্তির বিধানে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। দেশের প্রতিটি প্রান্তে কার্যকর হওয়া এই নতুন আইন অনুযায়ী, রেলের নিয়ম ভাঙলে যাত্রীদের বড় অঙ্কের জরিমানা গুণতে হতে পারে, এমনকি হতে পারে কারাদণ্ডও।
টিকিটহীন ভ্রমণের ক্ষেত্রে কঠোর নিয়ম নতুন আইন অনুযায়ী, টিকিটহীন বা প্রতারণামূলকভাবে ভ্রমণের ক্ষেত্রে রেল প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ধারা ১৩৭ ও ১৩৮ অনুযায়ী, বিনা টিকিটে ধরা পড়লে প্রকৃত ভাড়ার সঙ্গে ন্যূনতম ৫০০ টাকা অতিরিক্ত জরিমানা দিতে হবে। অন্যথায় ৬ মাস পর্যন্ত জেল বা ৫০০ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া, অন্যের নামে থাকা টিকিটে ভ্রমণ করলে টিকিট বাজেয়াপ্ত করার পাশাপাশি ন্যূনতম ৫০০ টাকা জরিমানা ও কারাদণ্ডের শাস্তি হতে পারে।
জরিমানার এক নজরে তালিকা রেলের তরফে জানানো হয়েছে, নিয়ম লঙ্ঘনের মাত্রা অনুযায়ী জরিমানার অঙ্ক নির্ধারণ করা হয়েছে। প্রধান কয়েকটি নিয়ম হলো:
-
মহিলাদের সংরক্ষিত কোচে পুরুষদের প্রবেশ: ২,৫০০ টাকা জরিমানা।
-
অবৈধ হকারি বা ভিক্ষাবৃত্তি: প্রথমবার ২,০০০ টাকা, দ্বিতীয়বার এক বছর পর্যন্ত কারাদণ্ড।
-
ধূমপান করা: ২,০০০ টাকা জরিমানা, টিকিট বাজেয়াপ্ত ও ট্রেন থেকে নামিয়ে দেওয়া।
-
মদ্যপ অবস্থায় গোলমাল বা অশালীন আচরণ: ১,০০০ টাকা জরিমানা বা ২৪ ঘণ্টার কারাদণ্ড।
-
সংরক্ষিত কোচে অবৈধভাবে আসন দখল: ২,০০০ টাকা জরিমানা।
-
কর্তব্যরত রেলকর্মীর কাজে বাধা দান: ৩ মাস পর্যন্ত কারাদণ্ড বা ২,৫০০ টাকা জরিমানা।
-
বিপজ্জনক পণ্য পরিবহন: ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা বা এক বছরের কারাদণ্ড।
কেন এই পরিবর্তন? রেল কর্তৃপক্ষের মতে, ট্রেনের পরিচ্ছন্নতা বজায় রাখা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্ররোচনামূলক বা বিশৃঙ্খল আচরণ নিয়ন্ত্রণে আনাই এই সংশোধিত আইনের মূল লক্ষ্য। বিগত দিনে দেখা গেছে, অনেক ক্ষেত্রে রাজনৈতিক সুপারিশ বা সাধারণ নিয়ম না মানার কারণে রেল পরিষেবা ব্যাহত হয়। এই নতুন আইনের মাধ্যমে সেই পরিস্থিতির বদল ঘটাতে চাইছে রেল মন্ত্রক।
রেল যাত্রীদের জন্য সতর্কতা রেল কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশ্যে বারবার আবেদন জানিয়েছে, যাত্রা শুরুর আগে অবশ্যই বৈধ টিকিট সংগ্রহ করুন এবং সহযাত্রীদের প্রতি সম্মান বজায় রাখুন। কোনো ধরনের বিশৃঙ্খলা বা নিয়মের ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না প্রশাসন।
যেকোনো ধরনের জরুরি সহায়তা, অভিযোগ বা তথ্যের জন্য যাত্রীরা রেলের হেল্পলাইন নম্বর ১৩৯-এ যোগাযোগ করতে পারেন। নিয়ম মেনে ভ্রমণ করুন, নিশ্চিন্তে পৌঁছান গন্তব্যে।