মাথা কামালে কি সত্যিই চুল ঘন হয়? জেনেনিন কি বলছে বিশেষজ্ঞরা?

ছোটবেলা থেকে শুনে আসছি, মাথা কামিয়ে ফেললে বা চুল খুব ছোট করে কাটলে নতুন চুল আগের চেয়ে অনেক বেশি ঘন ও শক্ত হয়ে জন্মায়। কিন্তু চিকিৎসাবিজ্ঞান ও বিশেষজ্ঞদের মতে, এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। চুল কাটার সঙ্গে চুলের গুণমান বা ঘনত্বের কোনো সরাসরি সম্পর্ক নেই।
কেন চুল মোটা মনে হয়? বিশ্বখ্যাত ‘মেয়ো ক্লিনিক’-এর তথ্য অনুযায়ী, মাথা কামানোর পর চুল যখন নতুন করে গজাতে শুরু করে, তখন তা অনেকের কাছে আগের চেয়ে গাঢ় বা মোটা বলে মনে হয়। কিন্তু এর পেছনে কোনো জাদুকরী পরিবর্তন নেই। আসল কারণটি হলো চুলের ডগা।
-
চুলের ডগার পার্থক্য: সাধারণত লম্বা চুলের ডগা প্রাকৃতিক নিয়মে সরু ও নরম থাকে। কিন্তু রেজারের মাধ্যমে যখন চুল কাটা হয়, তখন চুলের ডগাটি ভোঁতা বা সমতল হয়ে যায়। ফলে সেই ছোট চুল স্পর্শ করলে বা দেখলে খসখসে এবং তুলনামূলক মোটা মনে হয়। মূলত এটি একটি অপটিক্যাল ইলিউশন বা অনুভূতির কারসাজি মাত্র।
চুল গজার উৎস কোথায়? ‘ক্লিভল্যান্ড ক্লিনিক’ জানাচ্ছে, চুল জন্মায় মাথার ত্বকের গভীরে থাকা ‘হেয়ার ফলিকল’ থেকে। রেজারের মাধ্যমে আমরা শুধু ত্বকের ওপরের দৃশ্যমান অংশটুকু কাটি, ফলিকল পর্যন্ত পৌঁছাতে পারি না। তাই মাথা কামালে চুলের ঘনত্ব, বৃদ্ধির গতি বা গুণমান পরিবর্তনের কোনো সুযোগ নেই।
নতুন চুল কি সত্যিই ঘন? অনেক সময় মনে হয় সদ্য গজানো চুল আগের চেয়ে বেশি কালো বা ঘন। এর পেছনের কারণ হলো বাহ্যিক দূষণ। দীর্ঘদিন ধরে থাকা চুল সূর্যের অতিবেগুনি রশ্মি, ধুলোবালি ও বিভিন্ন হেয়ার প্রসাধনীর সংস্পর্শে এসে বিবর্ণ হয়ে যায়। অন্যদিকে, সদ্য গজানো চুল এসবের সংস্পর্শে না আসায় তা স্বাভাবিক উজ্জ্বলতা ও গাঢ় রঙ ধরে রাখে, যা আমাদের কাছে ‘ঘন’ বলে মনে হয়।
চুল পড়ার সমাধান কি কামানো? বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, চুল পড়ার সমস্যার কোনো সমাধান মাথা কামানোয় নেই। বরং বারবার শেভ করলে মাথার ত্বকে সংক্রমণ, অ্যালার্জি বা ‘ইনগ্রোন হেয়ার’-এর মতো সমস্যা দেখা দিতে পারে।
চুল ভালো রাখার আসল চাবিকাঠি: চুলের ঘনত্ব ও বৃদ্ধির গতি মূলত নির্ভর করে জিনগত বৈশিষ্ট্য, হরমোন, মানসিক চাপ এবং জীবনযাত্রার ওপর। সুন্দর ও ঘন চুলের জন্য বিশেষজ্ঞরা যা পরামর্শ দিচ্ছেন:
-
খাদ্যাভ্যাস: প্রোটিনসমৃদ্ধ খাবার খান। বিশেষ করে আয়রন, জিঙ্ক, ভিটামিন ডি ও বায়োটিনের পর্যাপ্ত জোগান নিশ্চিত করুন।
-
জীবনশৈলী: নিয়মিত ঘুম ও ব্যায়াম করুন, যা মানসিক চাপ কমাতে সাহায্য করবে।
-
বিশেষজ্ঞের পরামর্শ: যদি দেখেন অস্বাভাবিক হারে চুল পড়ছে, তবে ঘরে বসে টোটকা না খুঁজে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের (Dermatologist) পরামর্শ নিন।