ধসে বিধ্বস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, জেনেনিন কোন রুটে সিকিম ও দার্জিলিং যাওয়া যাচ্ছে

টানা বর্ষণের জেরে বিপর্যস্ত সিকিম ও দার্জিলিংয়ের যোগাযোগ ব্যবস্থা। পার্বত্য অঞ্চলের একাধিক রাস্তায় বড় ধস নামায় ব্যাহত হয়েছে স্বাভাবিক যান চলাচল। পরিস্থিতি সবচেয়ে জটিল হয়ে উঠেছে সেভক শিব মন্দির সংলগ্ন ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10) নিয়ে। করোনেশন ব্রিজ থেকে রংপো পর্যন্ত রাস্তার বিস্তীর্ণ অংশ বর্তমানে চরম অস্থিতিশীল হয়ে পড়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। তবে ওপর থেকে অনবরত পাথর ও কাদা ধসে পড়ায় রাস্তাটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কায় এই রুটে যান চলাচলে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। আপাতত মূল রাস্তা এড়িয়ে বেশ কয়েকটি বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

পাহাড় যাতায়াতের বিকল্প রুটসমূহ:

  • শিলিগুড়ি থেকে সিকিম: সিকিমগামী অধিকাংশ ছোট গাড়িকে সেভক-মুংসং ও গরুবাথান হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যানজটের পরিস্থিতি অনুযায়ী, পুলিশ প্রয়োজনবোধে করোনেশন ব্রিজ-মংপং ও গজলডোবা করিডর দিয়ে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে।

  • কালিম্পং ও সিকিম থেকে শিলিগুড়ি: ভারী গাড়িগুলিকে রেশি, পেডং, আলগাড়া, লাভা এবং গরুবাথান রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ছোট গাড়িগুলি রেলি, সামথার ও পানবু হয়ে শিলিগুড়িতে পৌঁছাতে পারছে।

  • দার্জিলিং থেকে সিকিম: দার্জিলিং থেকে সিকিম যাওয়ার জন্য আপাতত টুকভার-সিংলা-জোরেথাং ও মেল্লি রুট ব্যবহার করা হচ্ছে। এই পথে এখনো যান চলাচল স্বাভাবিক। এছাড়া কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার জন্য মংপু হয়ে ঘুরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির দাপট বজায় থাকলে যে কোনো সময় এই বিকল্প রুটগুলোতেও পরিবর্তন আসতে পারে। তাই পাহাড়ি রাস্তায় রওনা দেওয়ার আগে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সংশ্লিষ্ট জেলা পুলিশ বা প্রশাসনের সর্বশেষ ট্রাফিক বুলেটিন অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনে মূল সড়ক এড়িয়ে চলাই শ্রেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *