সিবিএসই-র নতুন তিন-ভাষা নীতি! কোন ক্লাসের পড়ুয়াদের ওপর প্রভাব পড়বে? জেনে নিন বিস্তারিত

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে তিন-ভাষা নীতি (Three-Language Policy) কার্যকর করার ক্ষেত্রে নতুন নির্দেশিকা প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। কোন পড়ুয়াদের তৃতীয় ভাষা পড়তে হবে এবং কার জন্য বোর্ড পরীক্ষা বাধ্যতামূলক—সেই বিষয়ে বিস্তারিত স্পষ্টীকরণ দিয়েছে বোর্ড।
কার জন্য কী নিয়ম?
বর্তমান দশম শ্রেণি: বর্তমান দশম শ্রেণির ব্যাচের ক্ষেত্রে এই নতুন নীতির কোনো প্রভাব পড়ছে না।
সপ্তম, অষ্টম ও নবম শ্রেণি: এই শ্রেণির পড়ুয়াদের তিন-ভাষা নীতি অনুসরণ করতে হবে, তবে তাদের তৃতীয় ভাষার (R3) পরীক্ষা হবে স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে। দশম শ্রেণিতে ওঠার পরও এদের জন্য কোনো বোর্ড পরীক্ষা থাকবে না।
ষষ্ঠ শ্রেণি: বর্তমান ষষ্ঠ শ্রেণির ব্যাচ থেকেই এই নতুন নীতি পূর্ণাঙ্গভাবে কার্যকর হচ্ছে। এই পড়ুয়াদের তিন ভাষা শিখতে হবে, যার মধ্যে অন্তত দুটি হতে হবে ভারতের নিজস্ব বা নেটিভ ভাষা। এই ব্যাচটি যখন দশম শ্রেণিতে পৌঁছাবে, তখন তৃতীয় ভাষা বা R3 একটি বোর্ড পরীক্ষার বিষয় হিসেবে গণ্য হবে।
ভাষার সংমিশ্রণ ও বিশেষ নিয়ম
সপ্তম ও অষ্টম শ্রেণির যে সব শিক্ষার্থী ইতিমধ্যেই দুটি বিদেশি বা অ-নেটিভ ভাষা নির্বাচন করেছে, তারা সেই কম্বিনেশন বজায় রাখতে পারবে। তবে তাদের সঙ্গে একটি ভারতীয় ভাষা যোগ করতে হবে এবং দশম শ্রেণি পর্যন্ত সেই কম্বিনেশন বজায় রাখতে হবে। এনসিইআরটি (NCERT) ২২টি তফসিলি ভারতীয় ভাষায় ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই প্রস্তুত করছে।
কাদের জন্য ছাড় রয়েছে?
বিশেষ চাহিদাসম্পন্ন শিশু: রাইটস অফ পার্সনস উইথ ডিজঅ্যাবিলিটিস অ্যাক্ট, ২০১৬ অনুযায়ী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের এই নীতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দেশের বাইরের স্কুল: ভারতের বাইরে অবস্থিত সিবিএসই স্কুলগুলো ভারতীয় ভাষা শেখানোর শর্ত থেকে মুক্ত।
বিদেশি পড়ুয়া: বিদেশ থেকে ভারতে ফিরে আসা শিক্ষার্থীদেরও বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
রাজ্য পরিবর্তন: পড়ুয়ারা যদি এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত হয়, তবে তারা তাদের বর্তমান ভাষার কম্বিনেশন বজায় রাখতে পারবে।
শিক্ষক সংকট ও সমন্বয়
শিক্ষক সংকট মেটাতে স্কুলগুলো প্রয়োজনে অবসরপ্রাপ্ত শিক্ষক, যোগ্য স্নাতকোত্তর শিক্ষক, শেয়ার্ড টিচার বা ভার্চুয়াল ক্লাসের সহায়তা নিতে পারবে। সিবিএসই স্পষ্ট জানিয়েছে, “এই নিয়মের কারণে কোনো পড়ুয়া যাতে অসুবিধায় না পড়ে, তা নিশ্চিত করা হবে।”
বোর্ড জানিয়েছে, বিষয়টি আরও স্বচ্ছ করতে সিবিএসই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ষষ্ঠ, নবম ও দশম শ্রেণির জন্য আগের ভাষানীতির নির্দেশিকাগুলোও যুক্ত করেছে।