‘রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী’ ক্যাপসুলের আড়ালে ভয়ঙ্কর ষড়যন্ত্র, বাইকুল্লায় গ্রেপ্তার ১

মহররমের মিছিলকে কেন্দ্র করে মুম্বাইয়ের রিয়া রোডে এক ভয়াবহ নাশকতার ছক সামনে এল। মিছিলের অংশগ্রহণকারীদের মধ্যে ‘রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী’ ক্যাপসুল বিলি করার নাম করে বিষাক্ত ‘জিঙ্ক ফসফাইড’ ক্যাপসুল বিতরণের অভিযোগ উঠেছে। পুলিশি তৎপরতায় এই বড়সড় ষড়যন্ত্র ভেস্তে গেলেও ঘটনাটি ঘিরে গোটা শহরে আতঙ্ক ছড়িয়েছে।
ঘটনার সূত্রপাত যেভাবে: ঘটনার দিন রিয়া রোডে রহমতাবাদ কবরস্থানের কাছে মহররমের মিছিল চলাকালীন চারজন ব্যক্তি অংশগ্রহণকারীদের মধ্যে এই ক্যাপসুলগুলো বিতরণ করছিল। এক মহিলার সন্দেহ হওয়ায় তিনি তাদের জিজ্ঞাসাবাদ করেন। অভিযুক্তরা দাবি করে, এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু ক্যাপসুল খুলে ভিতরে কালো গুঁড়ো দেখতে পেয়ে মহিলার সন্দেহ গাঢ় হয়। তিনি দ্রুত পুলিশে খবর দেন।
পুলিশের তদন্ত ও চাঞ্চল্যকর তথ্য: পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই বাকি তিনজন পালিয়ে যায়, তবে ফয়াজ নিসার প্রেমজি (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে নেমে বাইকুল্লা পুলিশ যা জানতে পেরেছে, তা শিউরে ওঠার মতো। জানা গেছে, ধৃত ফয়াজ একজন বিবিএ ডিগ্রিধারী এবং সম্প্রতি ইরান ও ইরাক ভ্রমণ করে ফিরেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ফয়াজের মূল উদ্দেশ্য ছিল মুম্বাইয়ের হাজার হাজার মানুষকে বিষক্রিয়ায় আক্রান্ত করে হত্যা করা।
উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিষ:
-
জব্দ করা ক্যাপসুল: পুলিশ ধৃতের কাছ থেকে প্রায় ১৪,৯০০টি সন্দেহজনক ক্যাপসুল উদ্ধার করেছে।
-
ভয়ঙ্কর পরিকল্পনা: তদন্তে জানা গেছে, মোট ৩০,০০০ ক্যাপসুল তৈরির জন্য ৫০ কেজি জিঙ্ক ফসফাইড অর্ডার করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, ক্যাপসুলগুলোর ভেতরে থাকা পদার্থ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যারা এগুলো গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে কয়েকজনের অসুস্থ হওয়ার খবরও পাওয়া গেছে। ধৃত ফয়াজকে জেরা করে এই ষড়যন্ত্রের সঙ্গে আর কে বা কারা জড়িত, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অভিযুক্তের এই অমানবিক ও ভয়াবহ নাশকতার ছক ফাঁস হওয়ায় বড় ধরনের বিপর্যয় থেকে শহর রক্ষা পেয়েছে বলেই মনে করছেন গোয়েন্দারা।