অযোধ্যা কাণ্ড: রাম মন্দিরের অনুদান কি সুরক্ষিত নয়? অডিট রিপোর্টে মিলল বড় গাফিলতির প্রমাণ

ভক্তদের বিশ্বাস ও আবেগের কেন্দ্রবিন্দু অযোধ্যার রাম মন্দিরে অনুদানের অর্থ চুরির ঘটনাকে কেন্দ্র করে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। বিশেষ তদন্তকারী দল (SIT)-এর প্রাথমিক তদন্তে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীদের দাবি, গত ২৭ এপ্রিল থেকে ৫ জুনের মধ্যে অন্তত ৭০ বার মন্দিরের দানবাক্সের টাকা হাতানোর চেষ্টা হয়েছিল।

ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর দৃশ্য তদন্তকারী সূত্রে খবর, মন্দিরের অন্দরে ঘটে যাওয়া এই চুরির চেষ্টার ঘটনাগুলির সঙ্গে মনীশ কুমার যাদব নামে এক ব্যক্তির সরাসরি যোগ থাকার প্রমাণ মিলেছে। সিসিটিভি ফুটেজে তাকে বারবার সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা গেছে। অথচ, বারবার এই ঘটনা ঘটা সত্ত্বেও তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন নীরব ছিল, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তকারীদের ধারণা, ‘সর্ষের মধ্যেই ভূত’ থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অডিট রিপোর্টে বড় গাফিলতির ইঙ্গিত শুধু চুরির চেষ্টাই নয়, মন্দিরের আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন। ২০২২-২৩, ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবর্ষের অভ্যন্তরীণ নিরীক্ষা বা ইন্টারনাল অডিট রিপোর্ট খতিয়ে দেখে সিট। সেই রিপোর্ট থেকে ইঙ্গিত মিলেছে যে, অনুদানের অর্থ গণনার প্রক্রিয়া, নথিপত্র সংরক্ষণ এবং পুরো ব্যবস্থাপনার ক্ষেত্রে চরম গাফিলতি ছিল।

মন্দির ট্রাস্টের আর্থিক নিরাপত্তা এবং তদারকির এই ত্রুটিগুলি প্রকাশ্যে আসতেই সারা দেশে শুরু হয়েছে জল্পনা। ভক্তদের দেওয়া অনুদানের অর্থ সুরক্ষায় মন্দির কর্তৃপক্ষ কেন সঠিক পদক্ষেপ নেয়নি, তা নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে। বিষয়টি নিয়ে তদন্ত আরও জোরদার করেছে বিশেষ তদন্তকারী দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *