এক দৃশ্যের জন্য ১০০ টেক! রাজামৌলির কড়া শাসনে নাজেহাল পৃথ্বীরাজ ও মহেশ বাবু

এস এস রাজামৌলি মানেই নিখুঁত সিনেমা। আর সেই নিখুঁত শট পেতে পরিচালক যে অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে কতটা পরিশ্রম করান, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি রাজামৌলির আসন্ন বিগ বাজেট ছবি ‘বারাণসী’-র খলনায়কের ভূমিকায় থাকা অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন ফাঁস করলেন সেটের এক অদ্ভুত অভিজ্ঞতার কথা।
১০০ বার টেক!
পৃথ্বীরাজ জানান, সিনেমার একটি বিশেষ দৃশ্যের জন্য তাঁকে এবং মহেশ বাবুকে প্রায় ১০০ বার টেক দিতে হয়েছিল। অভিনেতা বলেন, “আমি বাড়িয়ে বলছি না। আমরা সকাল থেকে শ্যুটিং শুরু করেছিলাম। ৯৪তম নাকি ৯৭তম টেক ছিল মনে নেই, তবে লাঞ্চ ব্রেকের সময় পর্যন্ত শটটি ওকে হয়নি। এমনকি দুপুরের খাবারটুকুও ঠিকমতো খাওয়ার সুযোগ পাইনি আমরা।”
প্যাক আপের মুখেও হাল ছাড়েননি পরিচালক
পৃথ্বীরাজ আরও বলেন, “খাবার মুখে তোলার ঠিক আগেই স্যার বললেন, শট প্রস্তুত। আমরা আবার সেটে ফিরে গেলাম। সন্ধ্যা ৬টা ৩৭ মিনিট নাগাদ এক্সিকিউটিভ প্রোডিউসার ইশারা করলেন দিনের কাজ শেষ করার জন্য। কিন্তু তখনও রাজামৌলি স্যারের মন ভরেনি। তিনি প্যাক আপ করে দিলেন ঠিকই, তবে বললেন, কাল সকালে আবার আমরা এখান থেকেই শুরু করব।”
পরিচালকের কাজের প্রতি একনিষ্ঠতা
রাজামৌলির কাজের প্রতি আনুগত্যের ভূয়সী প্রশংসা করেছেন পৃথ্বীরাজ। তিনি বলেন, “তাঁর সেটে লাঞ্চ ব্রেক মাত্র ২০ মিনিটের। রাজামৌলি স্যারকে দেখলে মনে হয়, তিনি যেন একজন তরুণ পরিচালক যিনি তাঁর প্রথম ছবি বানানোর সুযোগ পেয়েছেন। আমি এত পরিশ্রমী পরিচালক আগে কারও সঙ্গে কাজ করিনি। তিনি সেটে সবার আগে আসেন এবং সবার শেষে বাড়ি ফেরেন।”
‘বারাণসী’ নিয়ে প্রত্যাশা
রাজামৌলির এই বহু প্রতীক্ষিত ছবিতে মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারনকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। শোনা যাচ্ছে, পৌরাণিক উপাদান ও টাইম ট্রাভেলের মতো জটিল বিষয়ের মিশেলে তৈরি এই ছবি ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন মাইলফলক হতে চলেছে।