অদিতির জামিন হলেও জেলে যাওয়ার মুখে স্বামী দেবরাজ! ১০০ কোটির দুর্নীতির অভিযোগে তোলপাড়

তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি ও তাঁর স্বামী কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে ঘিরে থাকা সম্পত্তির মামলায় আজ বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। অদিতি মুন্সিকে আগাম জামিন দিলেও, তাঁর স্বামী দেবরাজের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ, অদিতির চার মাসের একটি শিশুসন্তান রয়েছে, মানবিকতার খাতিরেই তাঁকে জামিন দেওয়া হচ্ছে। তবে তাঁর ওপর একাধিক কড়া শর্ত আরোপ করা হয়েছে।
হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ: আদালত স্পষ্ট জানিয়েছে, অদিতিকে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। এছাড়া তদন্ত চলাকালীন কোনো সাক্ষীকে প্রভাবিত করা যাবে না এবং আপাতত তিনি বাগুইআটি থানা এলাকায় প্রবেশ করতে পারবেন না। বিচারপতি জয় সেনগুপ্ত সেল ডিড ও ডেভেলপমেন্ট ডিডের জটিল হিসাব দেখে মন্তব্য করেন, “এই টাকার অঙ্ক দেখানোর ধরন খুবই ‘উর্বরমস্তিষ্কের পরিকল্পনা’।”
দেবরাজের বিরুদ্ধে ১০০ কোটির অভিযোগ: অন্যদিকে, কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তালিকা দীর্ঘ। তাঁর বিরুদ্ধে আয়বহির্ভূত ১০০ কোটি টাকারও বেশি সম্পত্তি, জমি জবরদখল, এবং নির্বাচনী হলফনামায় সম্পত্তির তথ্য গোপন করার মতো গুরুতর অভিযোগ রয়েছে। সূত্রের খবর, এই দুর্নীতির টাকা বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা রাম শর্মার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হতো। গতকালই রাম শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। বারাসত আদালত তাঁকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এখন বাগুইআটি থানার পুলিশ খতিয়ে দেখছে, ঠিক কী কারণে দেবরাজ এই বিপুল পরিমাণ টাকা ওই ব্যক্তির অ্যাকাউন্টে লেনদেন করতেন।
দম্পতির সম্পত্তির হিসাব: তদন্তে জানা গেছে, এই দম্পতির নামে বিপুল সম্পত্তি রয়েছে, যার মধ্যে ১৯টি সম্পত্তি দেবরাজ চক্রবর্তীর নামে এবং ৩টি সম্পত্তি অদিতি মুন্সির নামে নথিভুক্ত। এখন স্বামী দেবরাজের আগাম জামিন খারিজ হওয়ার পর, তাঁকে গ্রেফতারের আশঙ্কা প্রবল। পুলিশের পরবর্তী পদক্ষেপের ওপরই নির্ভর করছে এই হাই-প্রোফাইল মামলার ভবিষ্যৎ।