আইনের চোখে সবাই সমান: তমান্না হত্যাকাণ্ডে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

“আইনের শাসন প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য।” তমান্না হত্যাকাণ্ডের প্রেক্ষিতে বুধবার সোশ্যাল মিডিয়ায় এক কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক প্রভাব বা পরিচয় যে অপরাধ দমনে বাধা হতে পারে না, তা আজ আরও একবার স্পষ্ট করে দিলেন তিনি।
দ্রুত পদক্ষেপ ও পুলিশের ভূমিকা
বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের দিন কালীগঞ্জে বোমা হামলায় মৃত্যু হয়েছিল তামান্নার। ঘটনার এক বছর পেরিয়ে গেলেও বিচার না মেলায় ভেঙে পড়েছিলেন নিহত নাবালিকার মা সাবিনা ইয়াসমিন। তবে মুখ্যমন্ত্রীর ওপর আস্থা হারাননি তিনি। সোমবার নিহত নাবালিকার মায়ের সঙ্গে সাক্ষাতের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। দ্রুত এই পদক্ষেপের জন্য পুলিশ প্রশাসনকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর কঠোর বার্তা
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দৃঢ়প্রতিজ্ঞ। রাজনৈতিক পরিচয় কোনো মাপকাঠি নয়, অপরাধ যে-ই করুক, আইনের চোখে সবার জন্য একই শাস্তি প্রযোজ্য।” তিনি আরও স্পষ্ট করেছেন যে, অপরাধীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না এবং আইন তার নিজস্ব গতিতেই চলবে।
বিচার পাওয়ার অপেক্ষায় পরিবার
তমান্নার মৃত্যুর পর এক বছর ধরে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরেছেন তাঁর মা সাবিনা ইয়াসমিন। অভিযুক্তদের গ্রেফতারিতে স্বস্তির নিঃশ্বাস ফেললেও, দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর এই প্রত্যক্ষ হস্তক্ষেপে তমান্নার পরিবারের মধ্যে ন্যায়বিচারের আশা নতুন করে জেগেছে।
প্রশাসনের শীর্ষমহল থেকে এই ধরনের ‘জিরো টলারেন্স’ বার্তা রাজ্য রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।