তামান্না খুনে খুনের বদলা! মুখ্যমন্ত্রীর কড়া হুংকারের ১২ ঘণ্টার মধ্যেই পুলিশের বড় অ্যাকশন

রাজ্যজুড়ে শোরগোল ফেলে দেওয়া কালীগঞ্জের তামান্না খাতুন হত্যাকাণ্ডে অবশেষে মিলল বড় সাফল্য। নিহত নাবালিকার মায়ের সঙ্গে সাক্ষাতের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই নড়েচড়ে বসল পুলিশ। তামান্না খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তা: এই ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় এক কড়া বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, “পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে আইনের শাসন কায়েমে দৃঢ়প্রতিজ্ঞ। রাজনৈতিক পরিচয় অপরাধীকে আড়াল করার মাপকাঠি হতে পারে না। আইনের চোখে অপরাধী যে-ই হোক, তার শাস্তি সুনিশ্চিত।” তিনি আরও বলেন, অপরাধীদের বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না এবং আইন তার নিজস্ব গতিতেই চলবে। তামান্নার মায়ের সঙ্গে দেখা করার পরেই পুলিশ প্রশাসন যে তৎপরতা দেখিয়েছে, তার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
গ্রেফতারের নেপথ্যে: গত মঙ্গলবার রাতে নদিয়ার কালীগঞ্জ থানার পুলিশ সাবির শেখ ও জিয়ারুল শেখ নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। বুধবার তাদের কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। উল্লেখ্য, তামান্না খুনের ঘটনায় মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। এর আগে ১১ জন গ্রেফতার হলেও ১৩ জন পলাতক ছিল। গতকাল মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে ও কড়া নির্দেশের পর পুলিশের এই ত্বরান্বিত পদক্ষেপ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
উল্লেখ্য, গত বছর বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের দিন কালীগঞ্জে বোমাবাজির ঘটনায় তামান্নার মর্মান্তিক মৃত্যু হয়। দীর্ঘ এক বছর বিচার না পাওয়ার পর, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে এখন নতুন করে বিচারের আশা দেখছেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন।