NEET-UG পুনঃপরীক্ষা ২১ জুন: ২২ লক্ষাধিক পরীক্ষার্থীর জন্য নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা!

দেশজুড়ে তুমুল বিতর্কের আবহে আগামী ২১ জুন, ২০২৬, শনিবার আয়োজিত হতে চলেছে NEET-UG পুনঃপরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এবার নজিরবিহীন নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা গ্রহণ করেছে।

পরীক্ষার এক ঝলক: এবারের পুনঃপরীক্ষায় ২২.৭৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে ১৮.৫ লক্ষেরও বেশি শিক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন। ৩.৫ লক্ষ শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্র বা শহর পরিবর্তনের সুযোগ গ্রহণ করেছেন। ৫৫১টি শহর এবং ১৪টি বিদেশি শহর মিলিয়ে মোট ৫,৫০০টিরও বেশি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিরাপত্তার চাদরে মোড়া পরীক্ষা: পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এনটিএ এবার কোনও ঝুঁকি নিচ্ছে না:

  • নিরাপত্তাকর্মী: ৬,৬৬৯ জন স্বাধীন পর্যবেক্ষক, ২ লক্ষের বেশি সরকারি কর্মকর্তা ও কর্মচারী এই প্রক্রিয়ায় যুক্ত। নিরাপত্তার দায়িত্বে থাকবেন আড়াই লক্ষ পুলিশ কর্মী ও ১৫,০০০ আধাসামরিক বাহিনী।

  • প্রযুক্তিগত নজরদারি: ১৫,০০০ সিগন্যাল জ্যামার বসানো হয়েছে কেন্দ্রগুলিতে। এছাড়া দেড় লক্ষেরও বেশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এনটিএ সদর দপ্তর থেকে রিয়েল-টাইমে প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণ করা হবে।

  • মক ড্রিল: পরীক্ষার পূর্বপ্রস্তুতি হিসেবে আগামীকাল, ২০ জুন, সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশব্যাপী একটি বিশেষ মক ড্রিল অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য জরুরি সতর্কতা: এনটিএ জানিয়েছে, ইতিমধ্যে পরীক্ষার্থীদের ইমেল, এসএমএস এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক পাঠানো হচ্ছে। কোনোভাবেই এনটিএ-র নাম করে আসা অর্থ সংক্রান্ত কোনো সন্দেহজনক মেসেজে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো বিভ্রান্তিকর তথ্য পেলে তা অবিলম্বে রিপোর্ট করার কথা বলা হয়েছে।

প্রেক্ষাপট: উল্লেখ্য, গত ৩ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তা ১২ মে বাতিল করা হয়। বর্তমানে বিষয়টি সিবিআই-এর তদন্তাধীন। পুলিশের কড়া পাহারায় প্রশ্নপত্র ও ওএমআর শিট কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে এবং পরীক্ষার দিন সকাল ১১টা থেকে দুপুর ১:৩০টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *