যোগ দিবসে বাংলায় আসছেন মোদী, জেনেনিন প্রধানমন্ত্রীর কী কী কর্মসূচি?

আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে সাজ সাজ রব গোটা কলকাতায়। আগামী ২১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরের ওপর এখন নজর গোটা দেশের। রেড রোডে যোগাসনের মূল অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরসূচিতে রয়েছে ভারতীয় নৌবাহিনীর শক্তিবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি।
কী কী কর্মসূচি থাকছে?
-
যোগাভ্যাস: রেড রোডে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মূল অনুষ্ঠানের পাশাপাশি শহরজুড়ে অন্তত দেড় লক্ষ মানুষকে যোগাভ্যাসে শামিল করার লক্ষ্য নিয়েছে প্রশাসন। শহরের ৫০টিরও বেশি পার্ক, মোহরকুঞ্জ, রবীন্দ্র সরোবর ও মিলেনিয়াম পার্কের মতো গুরুত্বপূর্ণ স্থানে এই বিশেষ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
-
যুদ্ধজাহাজের অন্তর্ভুক্তি: যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরেই প্রধানমন্ত্রী ভারতীয় নৌবহরে তিনটি দেশীয় যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত করবেন। যার মধ্যে রয়েছে প্রজেক্ট ১৭এ স্টেলথ গাইডেড-মিসাইল ফ্রিগেট ‘আইএনএস ডুনাগিরি’, সাবমেরিন-ধ্বংসকারী ‘আইএনএস আগরায়’ এবং বৃহৎ জাহাজ ‘আইএনএস সংশোধক’। এই উদ্যোগ প্রতিরক্ষা উৎপাদনে ভারতের ‘আত্মনির্ভর’ হওয়ার সংকল্পকেই তুলে ধরবে।
-
সাংস্কৃতিক ও প্রযুক্তিগত প্রদর্শনী: ভারতের যোগ ঐতিহ্য এবং সামুদ্রিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতে হুগলি নদীতে ৫০০টি নৌকায় একযোগে যোগাভ্যাসের প্রদর্শনী হবে। দিনটির সমাপ্তি ঘটবে কলকাতার আকাশে এক চোখ ধাঁধানো ‘মেগা ড্রোন শো’-এর মাধ্যমে।
নিরাপত্তা ও প্রস্তুতি: এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল বিষয়—“সমাজ ও পরিবেশের জন্য যোগা”। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে শহরজুড়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। একদিকে যেমন দেড় লক্ষ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যস্ত পুরকর্তারা, তেমনই লজিস্টিক ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তারা নিরন্তর তদারকি করছেন।
রাজনৈতিক ও সাংস্কৃতিক—উভয় দিক থেকেই প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একাধারে যোগের প্রসার এবং অন্যদিকে দেশের সামরিক সক্ষমতার বার্তা—সব মিলিয়ে ২১ জুনের কলকাতা হতে চলেছে দেশের মূল আকর্ষণ।