‘ডিজে’ মন্তব্যে হিংসায় উস্কানির কেস, অভিষেকের দরজায় ফের পৌঁছলো CID

ফের সংবাদের শিরোনামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবন। বিধানসভার সই জাল সংক্রান্ত মামলায় ভবানী ভবনে টানা সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই, শুক্রবার বিকেলে তৃণমূল সাংসদের বাড়িতে পৌঁছাল সিআইডি (CID) টিম। তবে এদিন বাড়িতে না থাকায় নোটিশ গ্রহণ নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা।

ঠিক কী ঘটেছে? সূত্রের খবর, এদিন দুপুর ৩টে ৫০ মিনিট নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পটুয়াপাড়ার বাসভবন থেকে বেরিয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। এর কিছুক্ষণ পরেই সিআইডির আধিকারিকরা তাঁর কালীঘাট রোডের বাড়িতে পৌঁছান। সূত্রের খবর, ‘ডিজে বাজানো হবে’ সংক্রান্ত একটি উস্কানিমূলক মন্তব্যের মামলায় তাঁকে নোটিশ দিতেই এই অভিযান।

বাড়ির ভিতর থেকে অভিষেকের অফিসের এক কর্মী আধিকারিকদের জানান, সাংসদ বর্তমানে বাড়িতে নেই এবং তিনি কখন ফিরবেন, সেই বিষয়ে নিশ্চিত তথ্য কারও কাছে নেই। সাংসদের অনুপস্থিতিতে নোটিশ প্রদান নিয়ে তৈরি হয়েছে প্রশাসনিক জটিলতা। এদিকে, আচমকা সিআইডি পৌঁছানোয় কালীঘাট এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ও আইনি পরামর্শের জন্য ঘটনাস্থলে পৌঁছান অভিষেকের আইনজীবীরা।

মামলাটি ঠিক কী? অভিষেকের বিরুদ্ধে অভিযোগ, লোকসভা ভোটের আগে তিনি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন জনসভায় ‘চার তারিখের পর ডিজে বাজবে’ বলে মন্তব্য করেছিলেন। এই মন্তব্যের প্রেক্ষিতে ১৫ মে বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার নামে এক ব্যক্তি বাগুইআটি থানায় এফআইআর দায়ের করেন। অভিযোগে দাবি করা হয়, অভিষেকের ওই মন্তব্য উস্কানিমূলক, যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারত। বিধাননগর সাইবার থানা হয়ে বর্তমানে এই মামলার তদন্তভার সিআইডির হাতে রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবারই বিধানসভার সই জাল কাণ্ডে ভবানী ভবনে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে ডায়মন্ড হারবারের এই সাংসদকে। একের পর এক আইনি জটিলতা এবং কেন্দ্রীয় ও রাজ্য এজেন্সির তৎপরতায় অভিষেককে ঘিরে রাজ্য রাজনীতিতে এখন নতুন সমীকরণ তৈরি হয়েছে।