শিয়ালদহবাসীর জন্য সুখবর! ১৫ জুন থেকে চালু একগুচ্ছ নতুন ট্রেন, জানুন সময়সূচি

শিয়ালদহ ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য খুশির খবর। ট্রেনগুলিতে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে আগামী ১৫ জুন থেকে একাধিক নতুন ইএমইউ (EMU) লোকাল ট্রেন পরিষেবা চালু করতে চলেছে পূর্ব রেল। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা।
কোন কোন রুটে মিলবে পরিষেবা?
ডিআরএম জানান, বিশেষ করে শিয়ালদহ দক্ষিণ শাখায় ভিড়ের চাপ বেশি হওয়ায় ডায়মন্ড হারবার সেকশনে নতুন ট্রেন চালু করা হচ্ছে। পাশাপাশি বারাসত ও হাসনাবাদ রুটেও বাড়বে পরিষেবার সংখ্যা।
ট্রেনের নতুন সময়সূচি একনজরে:
সোনারপুর–ডায়মন্ড হারবার: নতুন ট্রেনটি সোনারপুর থেকে ছাড়বে সকাল ৬টা ৫ মিনিটে, ডায়মন্ড হারবার পৌঁছবে সকাল ৭টা ১০ মিনিটে।
ডায়মন্ড হারবার–শিয়ালদহ: নতুন ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ২২ মিনিটে, শিয়ালদহ পৌঁছবে সকাল ৮টা ৫৮ মিনিটে।
শিয়ালদহ–সোনারপুর: নতুন ট্রেনটি ছাড়বে সকাল ৯টা ৩৫ মিনিটে, সোনারপুর পৌঁছবে সকাল ১০টা ১০ মিনিটে।
হাসনাবাদ–বারাসত: প্রতিদিন নতুন ট্রেন ছাড়বে বিকেল ৩টা ২০ মিনিটে, বারাসত পৌঁছবে বিকেল ৪টা ৩৯ মিনিটে।
শিয়ালদহ–হাসনাবাদ: বর্তমানে চলা ৩৩৪৩১ বারাসত লোকাল এবার সরাসরি হাসনাবাদ পর্যন্ত যাবে। শিয়ালদহ থেকে ছাড়বে সকাল ৮টা ৫৮ মিনিটে, হাসনাবাদ পৌঁছবে সকাল ১১টা ৬ মিনিটে।
মহিলা কোচ ও নিরাপত্তা নিয়ে স্পষ্ট বার্তা
ট্রেনে মহিলা কোচ কমানোর জল্পনা উড়িয়ে ডিআরএম রাজীব সাক্সেনা স্পষ্ট করেছেন যে, মহিলাদের জন্য সংরক্ষিত ৩টি কোচের সংখ্যায় কোনো পরিবর্তন করা হচ্ছে না। পুরুষ যাত্রীদের মহিলা কোচে ওঠার অনুমতি দেওয়া সম্ভব নয় এবং মহিলা যাত্রীদের নিরাপত্তাই রেলের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বলে তিনি জানান।
হকার উচ্ছেদ ও সুরক্ষা প্রসঙ্গ
স্টেশনে অবৈধ হকার উচ্ছেদ প্রসঙ্গে ডিআরএম জানান, হাইকোর্টের নির্দেশ তাঁরা এখনও হাতে পাননি। তবে তিনি জোর দিয়ে বলেন, অতিরিক্ত যাত্রী হয় এমন স্টেশনে হকারদের ভিড় যাত্রীদের যাতায়াতে সমস্যা তৈরি করে, যা নিরাপত্তার খাতিরেও চিন্তার বিষয়। রেলের নীতি অনুযায়ী, বেশি ভিড় থাকা স্টেশনে যাত্রী সুরক্ষাকেই অগ্রাধিকার দেওয়া হবে।
নতুন এই ট্রেন পরিষেবাগুলি চালু হলে বিশেষ করে অফিস টাইমের ভিড় অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। হাজার হাজার নিত্যযাত্রীর জন্য এটি একটি বড় স্বস্তির খবর।