সাদামাটা রান্নায় বিরক্তি? আজই ট্রাই করুন শাহী স্বাদের ‘এগ লাবাবদার’, রইল সহজ রেসিপি

বাড়িতে ডিম থাকলে আমরা সাধারণত ঝোল বা কালিয়া বানিয়ে থাকি। তবে রোজকার একঘেয়ে রান্নায় বদল আনতে আজই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু ‘এগ লাবাবদার’। রেস্তোরাঁর স্বাদে তৈরি এই পদটি ছোট-বড় সবাই পছন্দ করবে। সবচেয়ে বড় কথা, এটি বানাতে খুব সামান্য উপকরণের প্রয়োজন হয়।

প্রয়োজনীয় উপকরণ:
৪-৫টি সেদ্ধ হাঁসের ডিম

২টি মাঝারি সাইজের পেঁয়াজ (ডুমো করে কাটা)

১টি মাঝারি টম্যাটো

৭-৮টি কাজুবাদাম ও ১ টেবিল চামচ চারমগজ

৭-৮টি রসুন কোয়া ও ৫-৬টি কাঁচালঙ্কা

২-৩ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

২ টেবিল চামচ ঘি ও স্বাদমতো নুন-চিনি

১টি তেজপাতা ও ৩-৪টি গোলমরিচ

১-২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম

রান্নার জন্য সাদা তেল

তৈরির পদ্ধতি:
১. ডিম প্রস্তুতি: প্রথমে ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার লম্বালম্বিভাবে কেটে নিন। সামান্য নুন ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে কড়াইতে তেলে হালকা করে ভেজে তুলে রাখুন। একটি ডিম আলাদা করে রেখে মিহি করে কুচিয়ে নিন।

২. মসলা তৈরি: কড়াইতে সাদা তেল দিয়ে তাতে গোলমরিচ ও তেজপাতা ফোড়ন দিন। এবার পেঁয়াজ ও রসুন হালকা ভেজে নিয়ে তাতে টম্যাটো, কাজুবাদাম, চারমগজ, নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। সামান্য জল দিয়ে মিশ্রণটি সেদ্ধ করে নিন।

৩. গ্রেভি তৈরি: মিশ্রণটি ঠান্ডা করে বেটে বা পেস্ট করে নিন। এবার কড়াইতে ঘি গরম করে এই মসলার মিশ্রণটি ঢেলে দিন। ভালোভাবে নাড়াচাড়া করুন যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে।

৪. ফিনিশিং টাচ: তেল ছেড়ে এলে কুচিয়ে রাখা ডিমের টুকরোগুলো মিশিয়ে দিন। এরপর ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো কাইয়ের ওপর সাজিয়ে দিয়ে সামান্য জল দিয়ে ফুটিয়ে নিন। নামানোর আগে ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলেই তৈরি গরম গরম ‘এগ লাবাবদার’।

টিপস: পরিবেশনের সময় ওপর থেকে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে স্বাদ আরও বেড়ে যায়। এটি রুটি বা পরোটার সঙ্গে দারুণ জমে।