ঐন্দ্রিলাকে ছাড়া একমাস, কেমন আছেন সব্যসাচী? জানালেন অভিনেতা

ঐন্দ্রিলা শর্মা নেই, দেখতে দেখতে ১ মাস পার হয়ে গেল! প্রতি মুহূর্তে তার অভাবে দিন কাটছে তার পরিবারের এবং প্রেমিক সব্যসাচীর।

প্রেমিকার অকাল মৃত্যুর পর সোশ্যাল মিডিয়াকে বিদায় জানিয়েছেন সব্যসাচী। ঐন্দ্রিলার পরিবার নিজেদের দুঃখ ভাগ করে নিয়েছেন প্রকাশ্যে, এমনকি প্রয়াত অভিনেত্রীর মা চিকিৎসকের ‘গাফলতি’র প্রসঙ্গও টেনেছেন। জানিয়েছেন, ২০২৩-র শুরুতেই নাকি বিয়ের পরিকল্পনা ছিল ঐন্দ্রিলা-সব্যসাচীর। কিন্তু আশ্চর্যজনকভাবে নীরব সব্যসাচী। কারো সঙ্গে কথা বলেননি তিনি।

কিন্তু এখন কেমন আছেন সব্যসাচী? গত এক মাসে নিজেকে কতটা সামলাতে পেরেছেন তিনি? এই নিয়েই এক সংবাদমাধ্যম যোগাযোগ করলে অভিনেতা বলেন, ‘আমি কিছুটা ঠিক আছি।’ হ্যাঁ, একবাক্যে শুধু এইটুকুই বললেন সব্যসাচী। এর চেয়ে বেশি কিছুই তিনি বলতে চান না। ঐন্দ্রিলাকে নিয়ে কোন রকম মন্তব্য করতে চান না সব্যসাচী, স্পষ্টভাবেই জানিয়ে দিলেন।

এদিকে এখনও কাজে ফেরেননি সব্যসাচী। তবুও নিজেকে সামলানোর চেষ্টা করছেন। দিন কয়েক আগে ঐন্দ্রিলার মা শিখা শর্মা নিজের ব্যক্তিগত ফেসবুকের দেওয়ালে ঐন্দ্রিলা ও সব্যসাচীর একটি ছবি পোস্ট করেন। সঙ্গে ক্যাপশনে লেখেন- ‘আমার সব্যর ঐন্দ্রিলা।’

২০১৭ সালে ‘ঝুমুর’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন দুজনে। সেই সিরিয়ালের ছবি ছিল সেটি। চোখে চোখে, ঐন্দ্রিলার গালে আলতো করে হাত দিয়ে রয়েছেন সব্যসাচী। প্রেমে ভরা চাউনি পরস্পরের। সেই ছবি দেখে মন কেঁদেছিল সবার।

কঠিন পরিস্থিতিতে ঐন্দ্রিলা ও তার পরিবারের পাশে সবসময় থেকেছেন সব্যসাচী। যতরকমভাবে একটা মানুষকে আগলে রাখা যায়, সেই চেষ্টা করেছেন তিনি। বিদায়বেলায় ঐন্দ্রিলার পায়ে সব্যসাচীর মাথা ঠেকানোর দৃশ্য নাড়িয়ে দিয়েছিল সকলকে! প্রিয় মানুষ হাত ছাড়িয়ে চলে গিয়েছে তবে ঐন্দ্রিলার স্মৃতি আগলেই কাটছে সব্যসাচীর সময়, জানিয়েছেন ঘনিষ্ঠজনেরা।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *