বিতর্কের মাঝেই ‘পাঠান’ এর নতুন গানের ঘোষণা, মুক্তি পাবে আগামীকাল

শাহরুখ ও দীপিকা অভিনীত আসন্ন ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানটি নিয়ে বেশ কদিন ধরেই চলছে বিতর্কের ঝড়। ভারতের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ। শুধু তাই নয়, সিনেমাটিকে ঘিরে উঠেছে বয়কটের ডাকও।

কিন্তু এসব বিতর্কে পাত্তা না দিয়ে এবার ছবিটির দ্বিতীয় গান মুক্তির ঘোষণা দিলো ছবিটির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস।

এদিন যশরাজ ফিল্মস থেকে শাহরুখ ও দীপিকার একটি নতুন ছবি প্রকাশ্যে আনার মাধ্যমে জানানো হয়েছে, পাঠানের দ্বিতীয় গান ‘ঝুমে জো পাঠান’ গানটি মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর।

গানটির প্রসঙ্গে ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেছেন, ‘ঝুমে জো পাঠান’ গানটি মূলত ‘পাঠান’ ছবিটির চেতনার একটি গান। যেটি মূলত শাহরুখকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে। তবে গানটিতে দীপিকার দেখা মিলবে বলেও জানিয়েছে নির্মাতা।

পরিচালক আরও জানান, বিশাল ও শেখরের কম্পোজ করা সুরে একটি আধুনিক ফিউশন কাওয়ালি হতে যাচ্ছে ‘ঝুমে জো পাঠান’ গানটি। আগামী ২৫ জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাচ্ছে ‘পাঠান’ সিনেমাটি। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে প্রচারে নামবে ‘পাঠান’ টিম।

এর আগে মুক্তি পাওয়া ‘বেশরম রং’ গান প্রকাশের মাধ্যমে প্রচারণা শুরু করেছে ‘পাঠান’ টিম। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। শাহরুখ খান-দীপিকা ছাড়াও ছবিটিতে জন আব্রাহাম, আশুতোষ রানাসহ আরও অনেকে অভিনয় করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *