টানা দুবার আইপিএল জয়ী ক্যাপ্টেন, তবুও কেন ব্রাত্য? রজত পাতিদারকে নিয়ে মুখ খুললেন আগরকর!

ভারতীয় ক্রিকেটে নতুন দল ঘোষণা ঘিরে তুঙ্গে বিতর্ক। আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফর এবং এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় দলে একাধিক নতুন মুখ জায়গা পেলেও, আলোচনার কেন্দ্রে এখন রজত পাতিদারের বাদ পড়ার বিষয়টি। আইপিএলে টানা দুইবার নিজের অধিনায়কত্বে ট্রফি জেতানো সত্ত্বেও জাতীয় দলে ব্রাত্য তিনি, যা নিয়ে হতাশ ক্রিকেটপ্রেমীরা।

চলতি মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) চ্যাম্পিয়ন করার নেপথ্যে রজত পাতিদারের অবদান ছিল অনস্বীকার্য। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকার পাশাপাশি তাঁর অধিনায়কত্বের মুন্সিয়ানা প্রশংসা কুড়িয়েছে সবার। তবুও নির্বাচকদের বিবেচনায় কেন তিনি স্থান পেলেন না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খুলেছেন প্রধান নির্বাচক অজিত আগরকর। তিনি জানান, রজত পাতিদারের মতো যোগ্য খেলোয়াড়দের নিয়ে নির্বাচক কমিটির অন্দরে দীর্ঘ আলোচনা হয়েছে। তবে দল নির্বাচন যে কতটা কঠিন, তা বুঝিয়ে দিয়ে আগরকর বলেন, “আমরা অনেক নাম নিয়ে আলোচনা করেছি। যারা সুযোগ পেয়েছে তারা প্রত্যেকেই যোগ্য। ভারতে এখন প্রচুর প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। এমন অনেকেই আছেন যারা দলে থাকার যোগ্য, কিন্তু সীমিত জায়গার কারণে সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না।”

আগরকরের কথায়, “ভারতীয় ক্রিকেটে এখন চরম প্রতিযোগিতা। যারা দলে জায়গা পাননি, তাঁরাও অসাধারণ পারফর্ম করছেন। কিন্তু একটি ভারসাম্যপূর্ণ দল গড়তে গেলে কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। আমরা মনে করি, বর্তমানে সেরা দলটিই বেছে নেওয়া হয়েছে।”

তবে নির্বাচকদের এই ব্যাখ্যা কতটা মনঃপুত হলো ক্রিকেটভক্তদের, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর বিতর্ক চলছে।