যুদ্ধক্ষেত্রে আসবে নতুন শক্তি! ভারতীয় সেনাবাহিনী কিনছে অত্যাধুনিক ‘মর্টার স্পেশালিস্ট ভেহিকেল’

ভারতীয় সেনাবাহিনী এবার তাদের যুদ্ধক্ষমতাকে আরও নিখুঁত এবং কার্যকর করতে উন্নত প্রযুক্তির ‘মর্টার স্পেশালিস্ট ভেহিকেল’ (MSV) প্রবর্তনের প্রস্তুতি শুরু করেছে। দেশীয় প্রতিরক্ষা সংস্থাগুলোর কাছ থেকে ইতিমধ্যেই এই বিষয়ে আগ্রহপত্র (RFI) আহ্বান করা হয়েছে। এই যানটি যুদ্ধের গতিপথ বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
এমএসভি-র অত্যাধুনিক বৈশিষ্ট্য:
স্বয়ংক্রিয় লক্ষ্যভেদ: এই যানে থাকবে অত্যাধুনিক ব্যালিস্টিক কম্পিউটার। ফলে, প্রচলিত পদ্ধতির মতো ম্যানুয়াল ক্যালকুলেশনের প্রয়োজন হবে না। এটি স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তুর দূরত্ব ও দিক নির্ভুলভাবে গণনা করবে।
দ্রুততম আক্রমণ: সেনাবাহিনী চাইছে, ২০ সেকেন্ডের মধ্যে যেন এই যানটি ফায়ারিংয়ের জন্য প্রস্তুত হতে পারে। একবার ফায়ার করার পর মাত্র ৫ সেকেন্ডের মধ্যে দ্বিতীয় লক্ষবস্তু স্থির করার ক্ষমতা থাকবে এর। শত্রুর পাল্টা আক্রমণ এড়াতে ফায়ারিংয়ের পরই দ্রুত জায়গা পরিবর্তনের সক্ষমতা থাকবে এই যানের।
দুজন সৈন্যই যথেষ্ট: মাত্র দুইজন জওয়ান এই যানটি পরিচালনা করতে পারবেন। এতে ৫৪টি পর্যন্ত মর্টার বোমা বহনের ক্ষমতা থাকবে।
পাহাড় ও দুর্গম এলাকায় পারদর্শী:
লাদাখের মতো উচ্চ পার্বত্য অঞ্চল এবং প্রতিকূল আবহাওয়া মাথায় রেখেই এই যানটিকে ডিজাইন করা হয়েছে। এটি ১৭,০০০ ফুট উচ্চতায় এবং মাইনাস ২৫ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও সমানভাবে কাজ করতে পারবে। এছাড়া এর গতিবেগ হবে মহাসড়কে ঘণ্টায় ৮০ কিমি এবং সাধারণ রাস্তায় ঘণ্টায় ৪০ কিমি। একবার জ্বালানি পূর্ণ করলে এটি ৪০০ কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে সক্ষম।
সুরক্ষা ও প্রযুক্তির সমন্বয়:
ব্যালিস্টিক সুরক্ষার জন্য এতে থাকবে স্ট্যানাগ লেভেল-১ (STANAG Level-1) নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি অ্যান্টি-ড্রোন কেজ, রান-ফ্ল্যাট টায়ার এবং আধুনিক সামরিক যোগাযোগ সরঞ্জাম একে এক দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থায় পরিণত করবে।
সাম্প্রতিক বছরগুলোতে এম৭৭৭ আল্ট্রা-লাইট হাউইটজার, দেশীয় এটিএজিএস (ATAGS) কামান এবং পিনাকা মাল্টি-ব্যারেল রকেট সিস্টেমের মতো আধুনিক অস্ত্রশস্ত্রের সংযোজন ভারতীয় সেনাকে বিশ্বমানের করে তুলেছে। এমএসভি সেই আধুনিকীকরণ প্রক্রিয়ারই এক অবিচ্ছেদ্য অংশ, যা ব্যাটালিয়ন স্তরে যুদ্ধের নেটওয়ার্ক-ভিত্তিক ফায়ার সাপোর্টকে আরও শক্তিশালী করবে।