ছোটপর্দার নতুন চমক! ‘ছানাগিরি’ নিয়ে ফিরছেন অপরাজিতা, শুরু অডিশন

‘চিরসখা’ ধারাবাহিকে ‘কমলিনী’ চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ। ধারাবাহিকের কাজ সাময়িক থমকে গেলেও, এবার নতুন লুকে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন তিনি। তবে অভিনেত্রী হিসেবে নয়, বরং সান বাংলার নতুন রিয়ালিটি শো ‘ছানাগিরি’-র সঞ্চালিকা হিসেবে দেখা যাবে তাঁকে।
কী এই ‘ছানাগিরি’?
নাম থেকেই বোঝা যাচ্ছে, অনুষ্ঠানটি মূলত ছোটদের নিয়ে। ৫ থেকে ১২ বছর বয়সী খুদে প্রতিযোগীদের নিয়ে সাজানো হয়েছে এই শো। তবে এই অনুষ্ঠানে কেবল খেলাধুলা নয়, থাকবে ‘নিয়ম ভাঙার উৎসব’। মজার ছলে খেলাধুলার পাশাপাশি শিশুরা এখান থেকে অনেক কিছু নতুন করে শিখবে। বিশেষ আকর্ষণ হলো, এই প্রতিযোগিতায় শিশুরা একা নয়, সঙ্গী হিসেবে পাবে তাদের মায়েদের। অর্থাৎ, মা ও সন্তানের জুটির রসায়নও দেখা যাবে এই মঞ্চে।
অডিশন কবে ও কোথায়?
অনুষ্ঠানটির সম্প্রচারের সময় বা দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও, প্রতিযোগীদের বাছাই করার প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ১৪ জুন থেকে। প্রথম অডিশন হবে বারাসাতে।
ঠিকানা: বারাসাত অ্যাসোসিয়েশন, যশোর রোড (অঞ্জলি জুয়েলার্সের বিপরীতে)।
সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।
কেন এই অনুষ্ঠানটি স্পেশাল?
এই নতুন রিয়েলিটি শো-টির পরিচালনায় রয়েছেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। টেলিভিশন জগতে রিয়েলিটি শোর ক্ষেত্রে তিনি এক বড় নাম। ‘মিরাক্কেল’, ‘সুপার সিঙ্গার জুনিয়র’, ‘ডান্স বাংলা ডান্স’-এর মতো জনপ্রিয় সব অনুষ্ঠানের নেপথ্যে রয়েছেন তিনিই। এমনকি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘দাদাগিরি’-র শুরুর দিনগুলোতেও পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর অভাবনীয় সাফল্যের পর এবার ‘ছানাগিরি’ নিয়ে ফের দর্শকদের চমক দিতে প্রস্তুত শুভঙ্কর ও তাঁর টিম।