‘মেডিক্যাল সার্টিফিকেটে সময় কেনা যায়, বিচার নয়!’ অরূপ বিশ্বাসকে চরম হুঁশিয়ারি শতদ্রুর

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি-ইভেন্টের আয়োজক শতদ্রু দত্তের দায়ের করা মামলায় বড়সড় মোড়। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল বিধাননগর দক্ষিণ থানা। কিন্তু নির্ধারিত সময়ে হাজিরা দিলেন না তিনি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পুলিশের কাছে আরও ১০ দিন সময় চেয়েছেন প্রাক্তন এই মন্ত্রী।
আগামী ৫ জুন, দুপুর ১২টার মধ্যে অরূপ বিশ্বাসকে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল পুলিশ। কিন্তু তার আগেই এই হাজিরা এড়ানোর খবর সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
কী বলছেন শতদ্রু দত্ত?
প্রাক্তন মন্ত্রীর এই অসুস্থতার দাবিকে মোটেও ভালোভাবে নিচ্ছেন না আয়োজক শতদ্রু দত্ত। সোশ্যাল মিডিয়ায় তিনি সরাসরি আক্রমণ শানিয়েছেন অরূপ বিশ্বাসের দিকে। শতদ্রু লেখেন, “সমন আসতেই হঠাৎ অসুস্থতা! মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে হয়তো সময় কেনা যায়, কিন্তু বিচার থেকে পালানো যায় না। মন্ত্রীমশাই—সরি, প্রাক্তন মন্ত্রীমশাই—আমায় অনেক কষ্ট দিয়েছেন, আমি লড়াই ছাড়ব না।”
আইনি জটিলতা কোথায়?
ইতিমধ্যেই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন ও প্রতারণা সহ একাধিক গুরুতর ধারায় এফআইআর রুজু হয়েছে। এই আইনি কোপ থেকে বাঁচতে গ্রেফতারির আশঙ্কায় আগেই বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। এখন পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেটাই দেখার বিষয়।