ফের বড়পর্দায় শ্রীমা ভট্টাচার্য! ‘জারিয়া ২’-তে রাজেশ্বরের সঙ্গে রোম্যান্সে মাতবেন অভিনেত্রী

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য এবার ধরা দেবেন নতুন রূপে। পরিচালক সুমন মিত্রের আগামী ছবি ‘জারিয়া ২’-এর হাত ধরে বড়পর্দায় ফিরছেন তিনি। বেলজার ফিল্মস প্রযোজিত এই সিনেমায় শ্রীমার বিপরীতে দেখা যাবে অভিনেতা রাজেশ্বরকে। ছবির প্রযোজক অনিমেষ গঙ্গোপাধ্যায়।

কী আছে ‘জারিয়া ২’-এর গল্পে?
ছবিটি মূলত প্রেম, বিচ্ছেদ এবং স্মৃতির এক জটিল সমীকরণ। গল্প অনুযায়ী, দীর্ঘ ৭ বছর বিচ্ছেদের পর দার্জিলিংয়ের পাহাড়ে আচমকাই মুখোমুখি হয় প্রাক্তন প্রেমিক-প্রেমিকা ঋষভ আর শ্রেয়সিনী। পাহাড়ের ঠান্ডা হাওয়া আর মনোরম ল্যান্ডস্কেপের মাঝে শুরু হয় তাদের ফেলে আসা দিনগুলোর রোমন্থন। ভালোবাসা, অভিমান, ভুল বোঝাবুঝি—সবই কি আবার নতুন করে দানা বাঁধবে? নাকি বিদেশযাত্রার পথে শ্রেয়সিনী শেষবার দেখা করে বিদায় জানাবে ঋষভকে? কিছু ভালোবাসার গল্প যে অসমাপ্ত থেকেও মনের কোণে রয়ে যায়, সেই চিরন্তন সত্যই ফুটে উঠবে এই সিনেমায়।

কী বললেন পরিচালক সুমন মিত্র?
পরিচালক সুমন মিত্র জানান, ‘জারিয়া’ থেকে ‘জারিয়া ২’-এর যাত্রাটা তাঁর কাছে বেশ রোমাঞ্চকর। তিনি বলেন, “গল্পটা বলার জন্য আমরা বেছে নিয়েছি পাহাড়কে। পাহাড়ের আবহে ওদের রোম্যান্স দারুণভাবে ফুটে উঠেছে। শ্রীমা ও রাজেশ্বর দুজনেই দুর্দান্ত অভিনয় করেছেন। মিউজিক এই ছবির অন্যতম প্রধান চরিত্র।” উল্লেখ্য, এই ছবির সুর পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবদীপ বণিক।

গোটা টিমের মেলবন্ধনে তৈরি এই ছবিটি দর্শকদের মনে পুরোনো প্রেমের স্মৃতি উসকে দেবে বলেই আশা করছেন নির্মাতারা। খুব শীঘ্রই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই লাভ স্টোরি।