ডিম আর আলু থাকলেই কেল্লাফতে! গরমের দিনে দুপুরের পাতে ট্রাই করুন এই ইউনিক রেসিপি

প্রচণ্ড গরমে দীর্ঘ সময় রান্নাঘরে কাটানো বেশ কষ্টকর। কিন্তু তাই বলে কি একঘেয়ে খাবার খেতে হবে? একদমই নয়। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন জিভে জল আনা ‘বড়া-আলুর চচ্চড়ি’। এটি একদিকে যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর।

প্রয়োজনীয় উপকরণ:

বড়ার জন্য: ডিম (২টি), পেঁয়াজ কুচি (মিহি), কাঁচালঙ্কা কুচি (২-৩টি), ধনেপাতা, বেসন (২ টেবিল চামচ), হলুদ ও লঙ্কার গুঁড়ো (অল্প), স্বাদমতো নুন।

চচ্চড়ির জন্য: সর্ষের তেল, সরু করে কাটা আলু (২টি), পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা (চেরা), আদা-রসুন বাটা (২ টেবিল চামচ), কাশ্মীরি লঙ্কা গুঁড়ো (১ টেবিল চামচ), স্বাদমতো নুন ও চিনি।

তৈরির প্রণালী:

১. বড়া ভাজা: প্রথমে একটি পাত্রে ডিম ফেটিয়ে তাতে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, বেসন এবং মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। কড়াইতে তেল গরম করে ছোট ছোট বড়ার আকারে ভেজে তুলে রাখুন।
২. মশলা কষানো: ওই কড়াইতে আবার সামান্য সর্ষের তেল দিয়ে আদা-রসুন বাটা ও পেঁয়াজ কুচি হালকা করে নাড়াচাড়া করে নিন।
৩. আলু রান্না: এরপর সরু করে কাটা আলু দিয়ে দিন। তাতে হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য কষিয়ে নিন। এবার পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিয়ে আলু সেদ্ধ হতে দিন।
৪. ফিনিশিং টাচ: আলু সেদ্ধ হয়ে এলে ঝোলের মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমের বড়াগুলো ছেড়ে দিন। ঝোল ঘন হয়ে এলে ওপর থেকে সামান্য গরম মশলা বা ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

ব্যাস, তৈরি আপনার স্বাস্থ্যকর ও সুস্বাদু দুপুরের খাবার! গরম ভাতের সাথে এই চচ্চড়ি আর কিছুই লাগে না।