‘তুমি কি পাগল হয়ে গিয়েছ…?’, নিতানিয়াহুর উপর রেগে আগুন ট্রাম্প, জেনেনিন কেন?

লেবানন ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার আবহে এবার সরাসরি সংঘাতের পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সূত্রের খবর, দুই রাষ্ট্রনেতার মধ্যে সাম্প্রতিক এক টেলিফোন কথোপকথন অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে, যেখানে নেতানিয়াহুর সামরিক পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প।

ফোনালাপে ট্রাম্পের হুঁশিয়ারি অ্যাক্সিওসের এক প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে ওয়াশিংটনের চলমান কূটনৈতিক আলোচনার প্রেক্ষাপটে নেতানিয়াহুর লেবানন নীতি নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ ট্রাম্প। ফোনালাপের সময় নেতানিয়াহুকে লক্ষ্য করে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘‘তুমি পুরোপুরি পাগল হয়ে গেছ! আমি না থাকলে আজ তোমাকে জেলে থাকতে হতো। আমিই তোমাকে বাঁচিয়ে রেখেছি, কিন্তু এখন সবাই তোমাকে এবং ইসরায়েলকে ঘৃণা করছে।’’

ট্রাম্পের এই তীব্র ভর্ৎসনার পেছনে মূল কারণ হলো, লেবাননে ইসরায়েলের স্থল অভিযান ও বেইরুটের দাহিয়েহ অঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটিতে একের পর এক হামলা। ট্রাম্প মনে করেন, নেতানিয়াহুর এই হঠকারী সিদ্ধান্ত আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করছে এবং ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টাকে ভেস্তে দিতে পারে।

যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন ট্রাম্প লেবাননে সাধারণ মানুষের প্রাণহানি এবং হিজবুল্লাহর কমান্ডারদের লক্ষ্য করে বড় আকারের হামলা চালানোর বিষয়ে ট্রাম্প আপত্তি জানিয়েছেন। তাঁর মতে, নেতানিয়াহু পরিস্থিতির পরিণতি না ভেবেই অপ্রয়োজনীয় সংঘাতকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। ইরানও ইতিমধ্যে সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, লেবাননে যুদ্ধ না থামালে ওয়াশিংটনের সঙ্গে বড় কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব নয়।

পরস্পরবিরোধী ছবি? এই তিক্ত ফোনালাপের পাশাপাশি জনসমক্ষে অবশ্য অন্য চিত্র দেখা গেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশাল’-এ ট্রাম্প লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সঙ্গে আমার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।’’ তিনি আরও আশ্বস্ত করেছেন যে, লেবাননের বেইরুটে কোনো সেনা পাঠানো হবে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একদিকে ব্যক্তিগত কথোপকথনে কড়া ভর্ৎসনা, আর অন্যদিকে জনসমক্ষে ‘ফলপ্রসূ’ আলোচনার দাবি—পুরো পরিস্থিতিটিই মধ্যপ্রাচ্যের এই জটিল সংকটের গভীরতাকে প্রকাশ করছে। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই ব্যক্তিগত চাপ ইসরায়েলের চলমান সামরিক অভিযানে কোনো পরিবর্তন আনতে পারে কি না।