তৃণমূলের অন্দরে বড়সড় ভাঙন! আজই পদত্যাগ করতে চলেছেন মেয়র পারিষদ তারক সিং?

রাজ্যে রাজনৈতিক ক্ষমতার পালাবদলের আবহে এবার তৃণমূলের অন্দরে বড়সড় ফাটল। একের পর এক পুরসভায় বোর্ড হারানোর আশঙ্কার মধ্যেই এবার কলকাতা পুরনিগমের (KMC) অন্দরেও তৈরি হলো টালমাটাল পরিস্থিতি। সূত্রের খবর, আজ বিকেল ৪টে নাগাদ নিজের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং।

কেন এই সিদ্ধান্তের পথে তারক সিং?
গত কয়েকদিন ধরেই তারক সিংয়ের ‘বেসুরো’ অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে ছিল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকেও তাঁকে দেখা যায়নি। দলীয় সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে দলের কর্মকাণ্ড এবং নেতৃত্বের ভূমিকা নিয়ে চরম ক্ষুব্ধ ছিলেন তিনি। দলের অন্দরে এক প্রকার কোণঠাসা হয়েই তাঁর এই পদত্যাগের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

দলের বিরুদ্ধেই বিষোদগার
কিছুদিন আগেই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দলের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তারক সিং। তিনি স্পষ্টভাবে অভিযোগ করেছিলেন, তৃণমূলের বর্তমান নেতৃত্ব কর্মী ও সমর্থকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ। তাঁর ক্ষোভের সুর ছিল অত্যন্ত স্পষ্ট— “ঠান্ডা ঘরে বসে জ্ঞানের বাণী শোনার কোনো সদিচ্ছা নেই।” দলের সাধারণ কর্মীদের পাশে নেতৃত্ব দাঁড়াচ্ছে না— এমন চাঞ্চল্যকর অভিযোগও তুলেছিলেন তিনি। প্রশাসনের কাজ ঠিকঠাক চালাতে গেলে যে রাজনৈতিক বা দলীয় সমর্থন প্রয়োজন, তা থেকে বঞ্চিত হওয়ার কারণেই তিনি প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চলেছেন বলে জানা গেছে।

পুরনিগমে বাড়ছে অস্বস্তি
আজ বিকেলে কলকাতা পুরনিগমের কমিশনারের হাতে তিনি পদত্যাগপত্র তুলে দিতে পারেন বলে খবর। তারক সিংয়ের মতো প্রভাবশালী নেতার এই পদত্যাগ তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলকে আরও প্রকট করে তুলল। রাজ্যে ও পুরসভার নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের এই টালমাটাল পরিস্থিতি শাসকদলের জন্য আগামী দিনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

ঘটনার দিকে নজর রাখছে রাজনৈতিক মহল। তারক সিংয়ের ইস্তফা কি তৃণমূলের অন্য কাউন্সিলরদের মধ্যেও কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে? তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জোর জল্পনা।