ফোন বিক্রির পর ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে! সুরক্ষিত থাকতে ভুলবেন না এই ৪টি নিরাপত্তা ধাপ

নতুন ফোনের নেশায় পুরনো ফোনটি বিক্রি বা এক্সচেঞ্জ করার পরিকল্পনা করছেন? তাড়াহুড়োয় ফোনটি হস্তান্তর করার আগে সচেতন হওয়া খুব জরুরি। সাইবার বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র গ্যালারি থেকে ছবি বা ভিডিও ডিলিট করাই যথেষ্ট নয়। অনেক ক্ষেত্রেই ডিলিট করা ডেটা রিকভারি সফটওয়্যারের মাধ্যমে উদ্ধার করা সম্ভব। আপনার ব্যক্তিগত তথ্য ও আর্থিক তথ্য ভুল হাতে পড়া মানেই বড় বিপদের হাতছানি। তাই ফোন বিক্রির আগে অবশ্যই এই ৪টি কাজ সম্পন্ন করুন:

১. ডেটার ব্যাকআপ নিন: সবার আগে আপনার সমস্ত প্রয়োজনীয় ফাইল, ছবি, ভিডিও এবং কন্ট্যাক্ট নম্বরের ব্যাকআপ নিন। Google Drive, iCloud বা এক্সটারনাল হার্ড ড্রাইভের মাধ্যমে নিরাপদ স্থানে ডেটা সেভ করে রাখা বুদ্ধিমানের কাজ।

২. গুগল বা অ্যাপল আইডি রিমুভ করুন: ফোনে লগ-ইন থাকা আপনার প্রধান আইডি (Google বা Apple ID) রিমুভ করা অত্যন্ত জরুরি। অনেকেই শুধু অ্যাপ ডিলিট করেন কিন্তু অ্যাকাউন্ট থেকে লগ-আউট করতে ভুলে যান, যা পরবর্তীতে আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

৩. আর্থিক অ্যাপ থেকে লগ-আউট করুন: বর্তমানে স্মার্টফোনে UPI, নেট ব্যাংকিং ও ডিজিটাল ওয়ালেট ব্যবহার করা হয়। ফোন বিক্রির আগে সমস্ত ব্যাংকিং ও পেমেন্ট অ্যাপ থেকে লগ-আউট করে সেগুলি আনইনস্টল করে দিন। মনে রাখবেন, শুধু অ্যাপ ডিলিট করলে হবে না, আগে লগ-আউট করাটাই সুরক্ষা নিশ্চিত করার প্রধান চাবিকাঠি।

৪. ফ্যাক্টরি রিসেট (Factory Reset): এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ফোনের সেটিংস অপশনে গিয়ে ‘ফ্যাক্টরি রিসেট’ করুন। এর ফলে ফোনের সমস্ত অভ্যন্তরীণ ডেটা স্থায়ীভাবে মুছে যাবে এবং ফোনটি একদম নতুন অবস্থার মতো হয়ে যাবে। নিরাপত্তার খাতিরে অনেকে একাধিকবার ফ্যাক্টরি রিসেট করার পরামর্শ দিয়ে থাকেন।