চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত! চীন থেকে হায়দ্রাবাদের রোগীর রোবোটিক টেলি-সার্জারি করলেন ভারতীয় চিকিৎসক!

চিকিৎসা বিজ্ঞানে ইতিহাস গড়লেন হায়দ্রাবাদের এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি (AINU)-এর সিনিয়র ইউরোলজিস্ট ডঃ সৈয়দ মোহাম্মদ ঘোস। ৩,৯০০ কিলোমিটার দূর থেকে রোবোটিক টেলি-সার্জারির মাধ্যমে তিনি হায়দ্রাবাদের এক ৫৭ বছর বয়সী মহিলার জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করলেন। বর্তমানে ওই মহিলা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
কীভাবে সম্ভব হলো এই টেলি-সার্জারি?
ডঃ ঘোস সেই সময় একটি মেডিকেল সম্মেলনে যোগ দিতে চীনের উহান শহরে ছিলেন। কিন্তু আগে থেকে পরিকল্পনা করা ৫৭ বছর বয়সী ওই মহিলার অস্ত্রোপচারটি তাঁর পক্ষে বাতিল করা সম্ভব ছিল না। প্রযুক্তিকে কাজে লাগিয়ে উহান থেকেই তিনি রোবোটিক্স-সহায়তায় হায়দ্রাবাদের অপারেশন থিয়েটারে থাকা রোবটটিকে পরিচালনা করেন। অস্ত্রোপচারের সময় রোগীর পাশে একজন সহকারী চিকিৎসক উপস্থিত ছিলেন, যিনি যেকোনো জরুরি পরিস্থিতির মোকাবিলায় তাৎক্ষণিক সহায়তা প্রদানের জন্য প্রস্তুত ছিলেন। ৯০ মিনিটের এই অস্ত্রোপচার কোনো বাধা ছাড়াই সম্পন্ন হয়।
জটিলতা ও অস্ত্রোপচার পদ্ধতি:
ডঃ ঘোস জানান, রোগী ‘ইউরেটারিক অবস্ট্রাকশন’ বা মূত্রনালীর প্রতিবন্ধকতায় ভুগছিলেন। কিডনি ও মূত্রাশয়ের সংযোগকারী নালীটি বন্ধ হয়ে যাওয়ায় এটি একটি জটিল পরিস্থিতির সৃষ্টি করেছিল। তিনি এই প্রক্রিয়াটিকে ‘ইউরেটেরিক রিইমপ্ল্যান্টেশন’ হিসেবে উল্লেখ করেছেন, যেখানে ওই অবরুদ্ধ নালীটি পুনরায় মূত্রাশয়ের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
চিকিৎসকের মন্তব্য:
ডঃ ঘোস বলেন, “আমরা নিয়মিত অপারেশন থিয়েটারে কনসোল ও রোবট ব্যবহার করে এই সার্জারি করি। কিন্তু এবার আমরা সেই প্রক্রিয়াকেই আন্তর্জাতিক সীমানা পেরিয়ে উহানে সম্প্রসারিত করেছি। সম্মেলনস্থলে আরও চার-পাঁচজন সার্জন উপস্থিত ছিলেন, যারা নিজ নিজ দেশ থেকে একই পদ্ধতিতে টেলি-সার্জারি করছিলেন।”
চিকিৎসা মহলে বিস্ময়:
এই ঘটনা চিকিৎসা ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ভবিষ্যতে ভৌগোলিক দূরত্বের বাধা কাটিয়ে বিশ্বের যে প্রান্ত থেকেই হোক না কেন, দক্ষ চিকিৎসকরা এভাবে রিমোট কন্ট্রোল রোবোটিক সার্জারির মাধ্যমে জীবন বাঁচাতে পারবেন। হায়দ্রাবাদের এআইএনইউ-এর এই সাফল্যকে চিকিৎসা বিজ্ঞানের এক ‘অলৌকিক ঘটনা’ হিসেবেই দেখছে বিশেষজ্ঞ মহল।