চিকেন কষা খেয়ে বোর? আজই ট্রাই করুন জম্পেশ চিকেন খিচুড়ি, রেসিপিটি রইল আপনার জন্য

প্রচণ্ড গরমের দুপুরে রান্নাঘরে দীর্ঘক্ষণ কাটানোর কথা ভাবলেই ক্লান্তি আসে। আবার একই ধরনের চিকেন কষা খেয়েও মুখে রুচি নেই। এমন পরিস্থিতিতে কম সময়ে, কম পরিশ্রমে এবং কম উপকরণে জিভে জল আনা কোনো খাবার খেতে চাইলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। আজ রইল এমন এক ঝটপট রেসিপি, যা এক নিমেষেই বদলে দেবে আপনার দুপুরের খাবারের স্বাদ। শিখে নিন সুস্বাদু ‘চিকেন খিচুড়ি’ তৈরির সহজ পদ্ধতি।

প্রয়োজনীয় উপকরণ:

মুরগির মাংস: ৪০০ গ্রাম

গোবিন্দভোগ চাল: ৫০০ গ্রাম

মুগ ডাল: ২৫০ গ্রাম

মুসুর ডাল: ২৫০ গ্রাম

পেঁয়াজ কুচি: ১ কাপ

রসুন কুচি: ১/২ টেবিল চামচ

আদা-লঙ্কা কুচি: ১ টেবিল চামচ

টমেটো কুচি: ১/২ কাপ

গোটা গরম মশলা: ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ

হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ

ঘি: ২ টেবিল চামচ

তেল: ২ টেবিল চামচ

নুন: স্বাদমতো

তৈরির প্রণালী:
১. প্রথমে প্রেশার কুকারে পরিমাণমতো তেল গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিন।
২. এরপর একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদা-লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভাজতে থাকুন।
৩. মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে মাংসের টুকরোগুলো দিয়ে দিন এবং ভালো করে কষিয়ে নিন।
৪. মাংস কিছুটা মাখোমাখো হয়ে এলে তাতে চাল ও ডাল (ভালো করে ধুয়ে রাখা) দিয়ে দিন।
৫. এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিন।
৬. সবশেষে পর্যাপ্ত গরম জল দিয়ে কুকারের ঢাকনা আটকে দিন। মাত্র একটি সিটি দিলেই তৈরি আপনার লোভনীয় চিকেন খিচুড়ি।
৭. কুকার খুলে উপরে ঘি ও সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।