প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ! বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত রাজ্য। দুর্যোগে প্রাণ হারানো মানুষদের পরিবারের পাশে দাঁড়াতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রাজ্যের বিপর্যয় মোকাবিলা পরিস্থিতির পর্যালোচনা করতে গিয়ে তিনি জানান, সরকারি নিয়ম মেনে মৃতদের পরিবারকে এককালীন ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

আহতদের সম্পূর্ণ দায়িত্ব সরকারের
মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, দুর্যোগে যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার। সরকারি হাসপাতালে হোক কিংবা প্রয়োজনীয় ক্ষেত্রে বেসরকারি—আহতদের দ্রুত সুস্থ করে তোলাই এখন সরকারের প্রধান লক্ষ্য। এ বিষয়ে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের পাশে দাঁড়ানোর আশ্বাস
মুখ্যমন্ত্রী বলেন, “প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারানো মানুষগুলির পরিবারকে আমরা সাহায্য করব। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। তাঁদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা সরকার নেবে।”

দুর্যোগকবলিত এলাকাগুলিতে ত্রাণ ও উদ্ধারকাজ যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে জেলাশাসকদের কড়া নজর রাখতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সরকারি সবরকম সহযোগিতা নিশ্চিত করার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।