পশ্চিমবঙ্গে ডিজিটাল জনগণনা! ১ আগস্ট থেকে শুরু ঐতিহাসিক প্রক্রিয়া, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ডিজিটাল জনগণনা (Census) প্রক্রিয়া। শুক্রবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি জানান, সম্পূর্ণ প্রযুক্তি-নির্ভর এই আধুনিক গণনা প্রক্রিয়া রাজ্যে আগামী ১ আগস্ট, ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
কেন এই নতুন উদ্যোগ? রাজ্য প্রশাসনের মতে, এই প্রথমবার জনগণনা সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হবে। এতে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ হবে অত্যন্ত নির্ভুল এবং দ্রুত। প্রথাগত কাগজের নথির বদলে ডিজিটাল ব্যবস্থার ফলে সাধারণ মানুষও স্বচ্ছভাবে তথ্য প্রদান করতে পারবেন।
জনগণনার দুই ধাপ: সেন্সাস অপারেশনের ডিরেক্টর রেশমি কমল এই প্রক্রিয়ার রূপরেখা ব্যাখ্যা করে জানান, কাজ সম্পন্ন হবে দুটি প্রধান ধাপে:
-
প্রথম ধাপ: হাউসলিস্টিং এবং হাউজিং সেন্সাস অপারেশন (HLO)।
-
দ্বিতীয় ধাপ: পপুলেশন এন্যুমারেশন (PE), যেখানে প্রতিটি ব্যক্তির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।
প্রথম ধাপের কাজ ১ আগস্ট থেকে শুরু হলেও, পপুলেশন এন্যুমারেশনের জন্য রাজ্য সরকার পরবর্তী সময়ে আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করবে। কেন্দ্রীয় সরকারের গত বছরের জুন মাসের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এবং চলতি বছরের ১১ মে রাজ্যের জারি করা নির্দেশিকা মেনেই এই বৃহৎ প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালিত হতে চলেছে।
ডিজিটাল ইন্ডিয়ার পথে হাঁটতে গিয়ে পশ্চিমবঙ্গের এই প্রশাসনিক আধুনিকীকরণ সাধারণ মানুষের কাছে কতটা সহায়ক হয়, এখন সেটাই দেখার।