দুপুরেই ঘোর অন্ধকার! ধেয়ে আসছে কালবৈশাখী, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে জারি হাই অ্যালার্ট

দাবদাহ আর আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই আবহাওয়া দপ্তরে বড় আপডেট। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ফের চোখ রাঙাচ্ছে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ তীব্র ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের সতর্কতা: আবহাওয়া বিদরা জানিয়েছেন, এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ঝড়ের পাশাপাশি বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দুপুরের পর থেকে আকাশ কালো করে ঝড়ের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

কোন কোন জেলায় প্রভাব বেশি? শুধু উপকূলীয় জেলা নয়, রাজ্যের অন্যান্য জেলাতেও বইবে কালবৈশাখীর ঝাপটা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতে ঝড়ের প্রভাব থাকতে পারে বেশি। কোথাও কোথাও ঝড়ের গতিবেগ ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে।

ভবিষ্যদ্বাণী: আগামীকালও দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সেক্ষেত্রে ঝড়ের তীব্রতা কিছুটা কম থাকবে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা, জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যে ফের তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত মিলছে, তাই এই বৃষ্টির পর ফের দাবদাহের কবলে পড়ার আশঙ্কা রয়েছে।