সোনার দামে রেকর্ড বৃদ্ধি! ঝড়ের গতিতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, আপনি কি জানেন কেন?

সোনার দামের ঊর্ধ্বমুখী গ্রাফ এখন সাধারণ মানুষের পকেটে টান ফেলছে ঠিকই, কিন্তু সেই একই ছবি বিনিয়োগ ও ঋণের বাজারে নিয়ে এল এক চমকপ্রদ তথ্য। দেশের বাজারে সোনার দাম যখন রেকর্ড উচ্চতায়, তখন হু হু করে বাড়ছে স্বর্ণ ঋণের (Gold Loan) চাহিদা। এক্সপেরিয়ানের (Experian) সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৬ অর্থবর্ষে দেশে নতুন গোল্ড লোন নেওয়ার প্রবণতা বেড়েছে প্রায় ১১৫ শতাংশ।
কেন বাড়ছে গোল্ড লোনের এই চাহিদা? বাজার বিশেষজ্ঞদের মতে, এর পেছনে রয়েছে তিনটি প্রধান কারণ:
-
সোনার ক্রমবর্ধমান দাম: মূল্যবান ধাতুটির দাম বেড়ে যাওয়ায়, গচ্ছিত সোনার বিনিময়ে আগের চেয়ে অনেক বেশি ঋণ পাওয়ার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।
-
ঋণ প্রাপ্তির সহজলভ্যতা: বর্তমানে প্রথাগত ব্যাঙ্কের পাশাপাশি বিভিন্ন ফিনটেক সংস্থা ও নন-ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল কোম্পানি (NBFC) অত্যন্ত দ্রুত ও সহজ শর্তে গোল্ড লোন প্রদান করছে।
-
আরবিআই-এর নিয়মনীতি: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) সাম্প্রতিক নিয়মকানুন ও স্বচ্ছতা স্বর্ণ ঋণ ব্যবস্থাকে গ্রাহকদের কাছে আরও বেশি আস্থাশীল ও নিরাপদ করে তুলেছে।
ঝুঁকি বনাম সুবিধা অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, জরুরি প্রয়োজনে নগদ টাকার জোগান পেতে স্বর্ণ ঋণ এখন মধ্যবিত্তের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। খুব কম সময়ে ও ন্যূনতম নথিপত্র জমা দিয়ে এই ঋণ পাওয়া যাচ্ছে, যা এই বাজারে জোয়ার এনেছে। তবে, বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে, ঋণের কিস্তি সময়মতো শোধ না করতে পারলে গচ্ছিত সম্পদ হারনোর ঝুঁকিও থাকে। তাই গোল্ড লোন নেওয়ার আগে আর্থিক পরিকল্পনা করা অত্যন্ত জরুরি।