রেস্তোরাঁর মতো বিরিয়ানি বাড়িতেই! সিক্রেট ‘বেরেস্তা’ বানানোর জাদুকরী টিপস জেনে নিন

বাঙালি মানেই বিরিয়ানি প্রেমী। তবে মুঘল ঘরানার এই পদটি বাড়িতে তৈরি করতে গেলেই স্বাদ যেন ঠিক রেস্তোরাঁর মতো হয় না। বাড়িতে বানানো বিরিয়ানিতে রেস্তোরাঁর সেই জাদুকরী স্বাদ পেতে হলে একটি বিশেষ জিনিসের দিকে নজর দেওয়া খুব জরুরি, আর তা হলো—’বেরেস্তা’।

বিরিয়ানির পরতে পরতে ছড়িয়ে দেওয়া সোনালি, মুচমুচে ভাজা পেঁয়াজ বা বেরেস্তাই বিরিয়ানির স্বাদ বাড়িয়ে দ্বিগুণ করে তোলে। কিন্তু বাড়িতে ভাজতে গেলে বেরেস্তা অনেক সময় নরম হয়ে যায় বা পুড়ে তেতো হয়ে যায়। কীভাবে বাড়িতেই রেস্তোরাঁ স্টাইলের পারফেক্ট বেরেস্তা তৈরি করবেন? রইল কিছু সহজ ও কার্যকরী টিপস।

পারফেক্ট বেরেস্তা তৈরির গোপন কৌশল:
পেঁয়াজ কাটার ধরণ: বেরেস্তার জন্য পেঁয়াজ কাটতে হবে অত্যন্ত সরু বা ঝিরিঝিরি করে। মোটা করে পেঁয়াজ কাটলে তা কখনোই মুচমুচে হবে না।

ভাজার টেকনিক: সব পেঁয়াজ একসঙ্গে কড়াইতে দেবেন না। অল্প অল্প করে পেঁয়াজ কুচি ভেজে তোলাই হলো আসল টেকনিক।

আঁচের নিয়ন্ত্রণ: প্রথমে তেল খুব ভালো করে গরম করে নিন। এরপর মাঝারি আঁচে পেঁয়াজ ছাড়ুন। ভাজার সময় কয়েক সেকেন্ডের জন্য গ্যাসের আঁচ বাড়িয়ে দিন, এতে পেঁয়াজ দ্রুত কুড়মুড়ে হয়।

নুন বা চিনির ব্যবহার করবেন না: বেরেস্তা ভাজার সময় ভুলেও নুন বা চিনি দেবেন না।

নামানোর সঠিক সময়: পেঁয়াজ হালকা বাদামি রঙ ধারণ করলেই সাথে সাথে তেল থেকে ছেঁকে তুলে ফেলুন। কড়াই থেকে তোলার পর বাতাসের স্পর্শে ও নিজস্ব তাপেই এটি গাঢ় বাদামি রঙ ধারণ করবে।

এই সহজ নিয়মগুলো মেনে চললে বাড়িতেই তৈরি হবে রেস্তোরাঁর মতো পারফেক্ট বেরেস্তা। আজই ট্রাই করুন আর আপনার তৈরি বিরিয়ানিতে আনুন এক নতুন মাত্রা!