নরেন্দ্রপুরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! কারখানায় আগুন লেগে তীব্র আতঙ্ক, ঘটনাস্থলে দমকল

মঙ্গলবার সকালের শান্ত আবহাওয়া নিমেষেই স্তব্ধ হয়ে গেল নরেন্দ্রপুরের এক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে কারখানার কর্মীদের মধ্যে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন।

কীভাবে সূত্রপাত?
সূত্রের খবর, কারখানাটির গোডাউনের যে অংশে কার্টন বা দাহ্য পদার্থ মজুত ছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা দ্রুত বাড়তে শুরু করলে কর্মীরা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন এবং কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ব্যবহার করেন। তবে আগুনের তেজ ক্রমশ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপরই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে এসে দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন।

একের পর এক অগ্নিকাণ্ডের আতঙ্ক:
চলতি বছর কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এর আগে আনন্দপুরের জোড়া গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা এখনও টাটকা, যেখানে ডেকরেটার্সের গুদাম থেকে শুরু হওয়া আগুন মোমো কারখানাতেও ছড়িয়ে পড়েছিল। আগুন নেভাতে দমকলের ১২টি ইঞ্জিনকে হিমশিম খেতে হয়েছিল। এছাড়া তপসিয়ার বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যু শহরবাসীকে নাড়িয়ে দিয়েছিল।

বারবার কেন কারখান বা গুদামে আগুন লাগছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। গোডাউনে মজুত দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকে যাচ্ছে। নরেন্দ্রপুরের এই কারখানার অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর আপাতত পাওয়া যায়নি, তবে কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুন লেগে থাকতে পারে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।