‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’! অনুপ্রবেশ রুখতে এবার সরাসরি সীমান্তে অমিত শাহ! কী পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর?

অনুপ্রবেশ রুখতে ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’—কেন্দ্রীয় সরকারের এই নীতিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। দেশজুড়ে অনুপ্রবেশ সমস্যার মোকাবিলায় সীমান্ত সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে এবার সরাসরি ময়দানে নামছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ থেকে শুরু হওয়া তাঁর চার রাজ্য সফরের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও।
সীমান্ত সুরক্ষায় কঠোর শাহ
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, দেশের সীমান্ত এলাকাগুলোর সুরক্ষা ব্যবস্থা ও পরিস্থিতির সরেজমিনে তদন্ত করতেই এই সফর। মঙ্গলবার রাজস্থানের বিকানের থেকে এই সফর শুরু করছেন শাহ। সেখানে সীমান্ত লাগোয়া পাঁচ জেলার জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP), বিএসএফ (BSF) এবং রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন তিনি। অনুপ্রবেশ রোধে স্থানীয় পুলিশ ও বিএসএফের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর বিশেষ জোর দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
১৫ জুন বাংলা সফরে অমিত শাহ
আগামী মাসেই পশ্চিমবঙ্গে পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ১৫ জুন তাঁর সফর ঘিরে রাজনৈতিক মহলে সাজ সাজ রব পড়ে গিয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফের কাজ সরজমিনে খতিয়ে দেখবেন তিনি। বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে রাজ্য সরকার, এমতাবস্থায় শাহের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কেন এই সফর?
রাজনৈতিক মহলের ধারণা, জনবিন্যাস (Demographics) পরিবর্তন রুখতে এবং অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করতেই এই ‘কঠোর অবস্থান’ নিয়েছে কেন্দ্র। পশ্চিমবঙ্গ সফরের সময় তিনি বিএসএফের কোনো একটি নির্দিষ্ট আউটপোস্ট পরিদর্শনে যেতে পারেন। এরপর সীমান্তবর্তী জেলাগুলোর প্রশাসনিক আধিকারিক এবং নিরাপত্তা বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠক করে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রকের স্পষ্ট বার্তা, সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত করতে কোনো আপস করা হবে না। লোকসভা নির্বাচনের পর এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে শাহের এই সফর অনুপ্রবেশ ইস্যুকে কতটা নতুন মোড় দেয়, এখন সেটাই দেখার।