রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন! ১ জুন থেকে বন্ধ আটা, বদলে যা পাবেন! জেনেনিন

রাজ্যে নতুন সরকার গঠনের পর খাদ্য ও সরবরাহ ব্যবস্থায় আমূল পরিবর্তনের পথে হাঁটছে প্রশাসন। রেশন বন্টন ও ধান-পাট ক্রয়ের ক্ষেত্রে দুর্নীতি রুখতে এবং গুণগত মান নিশ্চিত করতে একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। আগামী ১ জুন থেকে কার্যকর হতে চলেছে এই নয়া নিয়মাবলী।
রেশনে আটা নয়, মিলবে গম
আগামী ১ জুন থেকে রাজ্যের কোনো রেশন দোকানেই আর আটা সরবরাহ করা হবে না। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, রেশনে সরবরাহ করা আটার গুণগত মান অত্যন্ত খারাপ, যা নিয়ে উপভোক্তাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল। স্বচ্ছতা বজায় রাখতে এবং পুষ্টিকর খাদ্য পৌঁছে দিতেই আটার পরিবর্তে উন্নত মানের গম প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এছাড়া গমের বণ্টন ও মিল মালিকদের গম ভাঙানোর প্রক্রিয়ায় অনিয়ম রুখতেও নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা।
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স
খাদ্যমন্ত্রী জানিয়েছেন, বিগত দিনে রেশন ডিলার ও মিল মালিকদের মধ্যে একচেটিয়া কারবার ও বৈষম্যের যে অভিযোগ উঠেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি বীরভূমে ধানের ২২ কোটি টাকার দুর্নীতি এবং রেশন কার্ড সংক্রান্ত জালিয়াতির (১০ নম্বর থেকে ৮ নম্বর কার্ডে রূপান্তর) ঘটনাগুলো নিয়েও কড়া তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। চাষীদের কাছ থেকে সরাসরি ধান ও পাট ক্রয়ের ক্ষেত্রে আগের সরকারের ত্রুটিগুলো সংশোধন করতে ২৩টি জেলার ডিও-দের সতর্ক করা হয়েছে।
স্বচ্ছল নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ
খাদ্যমন্ত্রী এদিন রাজ্যের সেইসব নাগরিকদের প্রতি একটি মানবিক আবেদন জানিয়েছেন, যারা নিয়মিত আয়কর প্রদান করেন এবং আর্থিকভাবে স্বচ্ছল। তিনি বলেন, “যাঁরা নিয়মিত আয়কর দিচ্ছেন, তাঁদের কাছে অনুরোধ, দয়া করে আপনারা আপনাদের ডিজিটাল রেশন কার্ডটি সরকারের কাছে সমর্পণ করুন। আপনারা কার্ড ফিরিয়ে নিলে সেই জায়গায় অনেক গরিব ও প্রকৃত দুঃস্থ মানুষ সরকারি রেশন পাওয়ার সুযোগ পাবেন।”
নতুন সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো রাজ্যের খাদ্য বন্টন ব্যবস্থাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এবং প্রকৃত উপভোক্তা-বান্ধব করে তোলা। প্রশাসনের এই কঠোর অবস্থান রেশন ব্যবস্থায় কতটা স্বচ্ছতা ফেরাতে পারে, সেটাই এখন দেখার বিষয়।