২০ বছর আর হারবে না বিজেপি? মোদীর জয়যাত্রা নিয়ে বিস্ফোরক পূর্বাভাস দিলেন প্রদীপ গুপ্তা!

ভারতীয় রাজনীতিতে আগামী দুই দশক কি বিজেপির একচ্ছত্র আধিপত্য বজায় থাকবে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন প্রখ্যাত নির্বাচনী বিশ্লেষক তথা ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’ (Axis My India)-র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রদীপ গুপ্তা। তাঁর মতে, আগামী ২০ বছর কোনো নির্বাচনেই হারার সম্ভাবনা নেই বিজেপির।
কেন এই দাবি? প্রদীপ গুপ্তার দাবি, পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য জয় কেবল একটি রাজ্যের ক্ষমতার বদল নয়, বরং এটি সারা দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক দিশা পরিবর্তনের কারিগর হয়ে উঠতে পারে। তাঁর মতে, পূর্ব ভারত—বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা এবং আসাম—প্রাকৃতিক সম্পদে ভরপুর। সঠিক রণকৌশলে এই অঞ্চলগুলোর উন্নয়ন হলে তা পুরো ভারতের অর্থনীতির মানচিত্র বদলে দিতে সক্ষম।
পূর্ব ভারতের গুরুত্ব সাক্ষাৎকারে প্রদীপ গুপ্তা স্পষ্ট করেছেন যে, ঐতিহাসিক প্রেক্ষাপটে যে দেশ বা অঞ্চলগুলোতে শক্তিশালী বন্দর ও বাণিজ্যের নেটওয়ার্ক থাকে, তারাই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়। তিনি বলেন, পূর্ব ভারতের বন্দরগুলোর সঠিক ব্যবহার এবং শিল্পায়নের মাধ্যমে এই অঞ্চলকে পুনরুজ্জীবিত করা সম্ভব, যা ভারতের সামগ্রিক জিডিপি বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
বিজেপির জয়ের ধারা ও বিরোধী রাজনীতি ত্রিনমূল কংগ্রেসের শাসনকাল ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার সময় তিনি বলেন, ভোটারদের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে, তা অত্যন্ত প্রবল। প্রবাসীদের ভোট দেওয়ার জন্য মরিয়া প্রচেষ্টা এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতি জনস্রোত ইঙ্গিত দিচ্ছে যে, পূর্ব ভারতের রাজনৈতিক সমীকরণ এক বড় মোড় নিতে চলেছে।
প্রদীপ গুপ্তার এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু করেছে। তবে এই জয়যাত্রা কি সত্যি দীর্ঘস্থায়ী হবে, নাকি বিরোধী দলগুলো আগামী দিনে পাল্টা কৌশল সাজিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ জানাবে—সেটিই এখন বড় প্রশ্ন।