রোদ বাড়লেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা! ভারতে এল ম্যাজিক ‘হিট ইন্স্যুরেন্স’, গরমে পকেট বাঁচানোর উপায় কী?

ভারতে গ্রীষ্মকাল দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে। গত কয়েক বছর ধরে দেশজুড়ে রেকর্ড তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। তীব্র গরম এবং হিটস্ট্রোক এখন আর শুধু একটি মরসুমি সমস্যা নয়, এটি মানুষের স্বাস্থ্য এবং উপার্জনের ওপর আঘাত হানা এক বড় বিপর্যয়ে পরিণত হয়েছে। গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, এমনকি মৃত্যু বা রোজগার হারানোর মতো ঘটনাও আমরা দেখছি। বিশেষ করে ডেলিভারি বয়, দিনমজুর এবং বয়স্করা এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
কাউন্সিল অন এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার (CEEW)-এর সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, ভারতের ৫৭ শতাংশ জেলা, অর্থাৎ প্রায় ৭৬ শতাংশ মানুষ তীব্র গরমের মারাত্মক ঝুঁকিতে রয়েছেন। রিপোর্টে সতর্ক করা হয়েছে, দেশে দিনের পাশাপাশি রাতেও তাপমাত্রা বাড়ছে, যা স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। এই জলবায়ু ঝুঁকি থেকে মানুষকে আর্থিকভাবে রক্ষা করতেই ভারতে এখন পা রেখেছে ‘হিট ইন্স্যুরেন্স’ বা তাপপ্রবাহ বিমা।
কীভাবে কাজ করে এই ‘হিট ইন্স্যুরেন্স’?
দিল্লি, মহারাষ্ট্র, গোয়া, কেরালা এবং গুজরাটের মতো রাজ্যগুলি এই তাপপ্রবাহের কারণে মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। সাধারণ স্বাস্থ্য বিমায় হাসপাতালে ভর্তি হওয়ার পর বিল জমা দিলে তবেই টাকা পাওয়া যায়। কিন্তু হিট ইন্স্যুরেন্স সম্পূর্ণ আলাদা; এটি কাজ করে একটি ‘প্যারামেট্রিক মডেল’-এর ওপর ভিত্তি করে।
সহজ ভাষায় ম্যাজিক মডেল: কোনও নির্দিষ্ট এলাকায় তাপমাত্রা যদি একটি নির্দিষ্ট সীমা (Threshold) অতিক্রম করে এবং টানা কয়েকদিন সেই চরম তাপমাত্রা বজায় থাকে, তবে বিমা কোম্পানিগুলো গ্রাহকের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ক্লেইমের টাকা পাঠিয়ে দেয়। এর জন্য আলাদা করে হাসপাতালের বিল বা ডাক্তার দেখানোর কাগজ জমা দেওয়ার কোনও প্রয়োজন হয় না।
প্রচণ্ড গরমে হিটস্ট্রোক, ডিহাইড্রেশন বা কিডনির সমস্যায় দিনমজুর ও ডেলিভারি বয়রা কাজে যেতে পারেন না। ফলে তাঁদের দৈনিক আয় বন্ধ হয়ে যায়, আবার অন্যদিকে ঘরে এসি-কুলার চলার কারণে বিদ্যুতের বিলও বাড়ে। এই জোড়া আর্থিক ধাক্কা সামাল দিতেই অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেয় এই বিমা।
প্রিমিয়াম কত এবং কী কী কভার সুবিধা মিলবে?
ভারতে হিট ইন্স্যুরেন্স এখনও একটি নতুন ধারণা। তাই এর প্রিমিয়াম নির্ভর করে বিমার কভারেজ, সময়সীমা, আপনার ভৌগোলিক এলাকা, পেশা এবং ঝুঁকির ক্যাটাগরির ওপর।
পকেট-বান্ধব খরচ: বর্তমানে বিমা সংস্থাগুলো আলাদা পলিসি দেওয়ার চেয়ে এটিকে সাধারণ স্বাস্থ্য বিমার সঙ্গে ‘অ্যাড-অন’ বা ‘রাইডার’ হিসেবে দিচ্ছে। প্রাথমিক স্তরের এই ক্লাইমেট প্রোটেকশন অ্যাড-অনের খরচ বছরে মাত্র কয়েকশো টাকা থেকে শুরু হয়।
কী কী কভার হয়: সাধারণত হিটস্ট্রোকের কারণে জরুরি চিকিৎসার খরচ, গরমের কারণে কাজে না যেতে পারার জন্য আয়ের ক্ষতি এবং কিছু ক্ষেত্রে প্রচণ্ড গরমে কুলিং সরঞ্জাম নষ্ট হলে বা সাময়িকভাবে অন্য জায়গায় স্থানান্তরিত হতে হলেও আর্থিক সাহায্য পাওয়া যায়। তীব্র আবহাওয়ার কারণে ব্যবসা বন্ধ হলে সেই লোকসানও এর আওতায় আসে।
পলিসি নেওয়ার আগে গ্রাহকদের জন্য জরুরি টিপস
বিশেষজ্ঞদের মতে, ভারতের বিমা ক্ষেত্রটি এখন শুধু ‘সমস্যা হওয়ার পর ব্যবস্থা নেওয়া’র স্তর থেকে বেরিয়ে এসে ‘আগে থেকে সতর্কতা’র দিকে এগোচ্ছে। তবে একটি হিট ইন্স্যুরেন্স প্ল্যান কেনার আগে গ্রাহকদের কয়েকটি বিষয় সাবধানে দেখে নেওয়া উচিত:
তাপমাত্রার সীমা: আপনার এলাকায় ঠিক কত ডিগ্রি তাপমাত্রা ছাড়ালে ক্লেইমের টাকা পাওয়া যাবে, তা জেনে নিন।
নিয়ম ও শর্তাবলী: ক্লেইম সেটলমেন্টের নিয়ম কী? ওয়েটিং পিরিয়ড কতদিন? আয়ের ক্ষতির জন্য সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে?
মনে রাখবেন: হিট ইন্স্যুরেন্স কিন্তু সাধারণ স্বাস্থ্য বিমার বিকল্প নয়। হিটস্ট্রোকের কারণে বড় অঙ্কের হাসপাতালের খরচ কভার করতে মূল স্বাস্থ্য বিমা থাকতেই হবে। হিট ইন্স্যুরেন্স শুধুমাত্র একটি অতিরিক্ত সুরক্ষার স্তর।
একটি বাস্তব উদাহরণ: গরম বাড়লেই ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি!
একটি ছোট উদাহরণের মাধ্যমে এর কার্যকারিতা বোঝা সহজ হবে। প্রচণ্ড গরম সত্ত্বেও একজন মহিলা দিনমজুর প্রতিদিনের মতো মাঠে কাজে গিয়েছিলেন। দুপুরে হঠাৎ তাঁর মোবাইলে একটি এসএমএস আসে—যাতে লেখা ছিল তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০০ টাকা জমা হয়েছে! পরের দিন গরমের তীব্রতা আরও বাড়লে, তাঁর অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে আরও ১০০০ টাকা জমা পড়ে। অর্থাৎ, বাইরে গরমের পারদ যত চড়বে, আপনার পকেটের সুরক্ষায় অ্যাকাউন্টে টাকা জমা হওয়াই হলো হিটওয়েভ ইন্স্যুরেন্সের আসল বিশেষত্ব।
তবে বিমা সুরক্ষার পাশাপাশি এই তীব্র গরমে অযথা বাইরে না বেরোনো এবং শরীর হাইড্রেটেড রাখার মতো ব্যক্তিগত সতর্কতা মেনে চলাও অত্যন্ত জরুরি।