বিপদ ঘরেই! বাজার থেকে এনেই প্লাস্টিকের ব্যাগসহ সবজি ফ্রিজে রাখছেন? অজান্তেই ডেকে আনছেন মারাত্মক রোগ

ব্যস্ত জীবনের ইঁদুরদৌড়ে রেফ্রিজারেটর বা ফ্রিজ এখন আমাদের অকৃত্রিম বন্ধু। দুধ, দই থেকে শুরু করে ফল ও শাকসবজি সতেজ রাখতে এর জুড়ি মেলা ভার। তবে রান্নাঘরের কাজ সহজ করে দেওয়া এই ইলেকট্রনিক যন্ত্রটিই কিন্তু আপনার ও আপনার পরিবারের বড়সড় স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। আমরা অনেকেই ফ্রিজে আলু বা পেঁয়াজ রাখা এড়িয়ে চলি, কিন্তু জেনে বা না জেনে প্রতিদিন এমন একটি মারাত্মক ভুল করে বসছি যা ফ্রিজের খাবারকেই বিষাক্ত করে তুলছে।

অধিকাংশ ভারতীয় পরিবারে বাজার থেকে প্লাস্টিকের ব্যাগে করে আনা ফল বা শাকসবজি সরাসরি সেই পলিথিনসহ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়। আপাতদৃষ্টিতে এটিকে স্বাভাবিক মনে হলেও, বিশেষজ্ঞরা বলছেন এই অভ্যাস অত্যন্ত বিপজ্জনক।

পলিথিন ব্যাগ কীভাবে ক্ষতি করছে খাবারের?

দেরাদুনের কৈলাশ হাসপাতালের সিনিয়র ডায়েটিশিয়ান ডঃ পায়েল দত্ত এই বিষয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তাঁর মতে, ফ্রিজের ভেতরে প্লাস্টিকের ব্যাগে সবজি রাখলে এক ধরণের রাসায়নিক ও প্রাকৃতিক বিক্রিয়া ঘটে। ব্যাগের ভেতরের আর্দ্রতা বা জলীয় বাষ্প বাইরে বের হতে পারে না এবং তা পুনরায় সবজি বা ফলের গায়েই জমতে থাকে।

এর ফলে সবজিগুলো স্যাঁতসেঁতে হয়ে যায়, যা দ্রুত ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। বিশেষ করে সবুজ শাকপাতা বা কাঁচা সবজির ক্ষেত্রে এই ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে সবচেয়ে বেশি।

অক্সিজেনের অভাব ও পুষ্টিগুণ নষ্ট

সবজি একবার পলিথিনের ব্যাগে আটকে রাখলে সেটির ভেতরে বাতাস বা অক্সিজেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই অতিরিক্ত আর্দ্রতা এবং অক্সিজেনের অভাবে সেখানে ‘থাইলামিন’ নামক একটি গ্যাসের সৃষ্টি হয়। এই গ্যাসটি কেবল সবজিকে দ্রুত পচিয়েই ফেলে না, বরং তার মধ্যে থাকা ভিটামিন সি এবং ভিটামিন ডি-এর মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলোকেও সম্পূর্ণ ধ্বংস করে দেয়।

কাটা সবজি আরও বেশি ঝুঁকিপূর্ণ

অনেকেরই অভ্যাস থাকে অর্ধেক কাটা সবজি বা ফল পলিথিনে পেঁচিয়ে ফ্রিজে রেখে দেওয়া। ডঃ দত্তের মতে, এটি আরও বেশি মারাত্মক। কারণ সবজি কাটার সাথে সাথেই তার প্রাকৃতিক সুরক্ষাকবচ বা চামড়াটি সরে যায়। এই অবস্থায় প্লাস্টিকের ব্যাগের সংস্পর্শে এলে ব্যাক্টেরিয়ার আক্রমণ দ্বিগুণ বেগে হয়, যা পেটের রোগ থেকে শুরু করে বড় ধরণের শারীরিক অসুস্থতা তৈরি করতে পারে।

তাহলে সবজি সংরক্ষণের সঠিক উপায় কী?

বিশেষজ্ঞরা এই অভ্যাস বদলে ফেলার জন্য কিছু সহজ পরামর্শ দিয়েছেন:

ভালোভাবে ধুয়ে নেওয়া: বাজার থেকে শাকসবজি বা ফল আনার পর প্রথমে সেগুলো পলিথিন থেকে বের করে পরিষ্কার জলে খুব ভালোভাবে ধুয়ে নিন।

শুকিয়ে নেওয়া: ধোয়ার পর সবজিগুলো কিছুক্ষণ ফ্যানের নিচে বা হালকা রোদে রেখে জল সম্পূর্ণ শুকিয়ে নিন। গায়ে জল থাকা অবস্থায় ফ্রিজে রাখা যাবে না।

সঠিক পাত্রের ব্যবহার: প্লাস্টিকের ব্যাগ সম্পূর্ণ বর্জন করুন। সবজি রাখার জন্য ফ্রিজের নির্দিষ্ট ভেজিটেবল বক্স ব্যবহার করুন অথবা সুতির কাপড়ের ব্যাগ বা এয়ার-টাইট কাঁচের পাত্র ব্যবহার করতে পারেন।