কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য লটারি! অষ্টম বেতন কমিশনের আগেই বেতনে ব্যাপক পরিবর্তনের বড় দাবি

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় খবর। অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠন নিয়ে যখন দেশজুড়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই এক বিস্ফোরক দাবি নিয়ে হাজির হয়েছে একাধিক কেন্দ্রীয় কর্মচারী সংগঠন। মোদী সরকারের কাছে তাদের স্পষ্ট দাবি, মহার্ঘ ভাতাকে (Dearness Allowance বা DA) এবার সরাসরি মূল বেতনের (Basic Salary) সঙ্গে যুক্ত করে দেওয়া হোক।
‘অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন’ (AINPSEF)-সহ একাধিক প্রভাবশালী কর্মচারী সংগঠন ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের পরামর্শ প্রক্রিয়ার অংশ হিসেবে এই দাবিটি সরকারের টেবিলে জমা দিয়েছে। যদি এই দাবি মেনে নেওয়া হয়, তবে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের বেতন এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে।
কেন এই দাবি তুলছেন কর্মচারীরা?
কর্মচারী সংগঠনগুলোর যুক্তি অত্যন্ত স্পষ্ট। গত কয়েক বছরে দেশে যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এবং জীবনযাত্রার খরচ বেড়েছে, তার সঙ্গে তাল মেলাতে বর্তমান মহার্ঘ ভাতার হারও অনেকটা বৃদ্ধি পেয়েছে। আর এই বর্ধিত ডিএ-কে যদি সংশোধিত বেতন কাঠামোর একটি স্থায়ী অংশ করে দেওয়া না হয়, তবে মুদ্রাস্ফীতির বাজারে কর্মচারীরা আর্থিক টানাপোড়েনে পড়বেন। তাই এটিকে মূল বেতনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য করার সময় এসেছে।
বেতন ও পেনশনে কী প্রভাব পড়বে?
এই দাবিটি কেবল সাধারণ কোনো দাবি নয়। এটি যদি বাস্তবায়িত হয়, তবে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সামগ্রিক আর্থিক কাঠামোই বদলে যাবে। কারণ ডিএ মূল বেতনের সঙ্গে যুক্ত হলে কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা (HRA), ভ্রমণ ভাতা (TA), গ্র্যাচুইটি এবং প্রভিডেন্ট ফান্ডের (PF) মতো অন্যান্য সমস্ত ভাতাও স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে। শুধু তাই নয়, এর সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে অবসরকালীন সুযোগ-সুবিধা এবং মাসিক পেনশনের ওপরেও।
বর্তমানে কী নিয়মে চলে ডিএ?
সাধারণত, দেশের মুদ্রাস্ফীতি বা খুচরো বাজারের মূল্যবৃদ্ধির সূচকের ওপর ভিত্তি করে কেন্দ্র সরকার বছরে দুবার (জানুয়ারি ও জুলাই) মহার্ঘ ভাতার হার সংশোধন করে থাকে। এটি মূলত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ক্রয়ক্ষমতা ধরে রাখার একটি আর্থিক অনুদান। বর্তমানে, কেন্দ্রীয় কর্মীরা তাঁদের মূল বেতনের অতিরিক্ত বা একটি পৃথক অংশ হিসেবে এই মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। কিন্তু নতুন এই দাবি ঘিরে এখন দিল্লির দরবারে জোর চর্চা শুরু হয়েছে, যার দিকে তাকিয়ে আছেন দেশের কোটি কোটি মানুষ।