১৯ মে মেগা যুদ্ধ ফলতায়! ডায়মন্ড হারবারে বৈঠকের পরেই সোজা ময়দানে শুভেন্দু, একই দিনে রোড শো খোদ মুখ্যমন্ত্রীর

রাজ্য রাজনীতির অন্যতম হাই-ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতা। আগামী ২১ মে এই ফলতায় ফের ভোট গ্রহণ করা হবে। শেষ নির্বাচনে অশান্তির জেরে নির্বাচন কমিশন এখানে পুনর্নির্বাচনের ঘোষণা করেছে। ফলে ১৯ মে এই কেন্দ্রের প্রচারের শেষ দিন। আর এই শেষ মুহূর্তের প্রচারকে ঘিরেই এবার ফলতায় তৈরি হচ্ছে এক অভূতপূর্ব রাজনৈতিক আবহ।

নির্বাচনী প্রচারের শেষ দিনে অর্থাৎ ১৯ মে ফলতায় মেগা রোড শো করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে, খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ওই একই দিনে ফলতায় পা রাখছেন। এদিন ডায়মন্ড হারবারে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে শুভেন্দুর। পুলিশ প্রশাসন এবং স্থানীয় বিধায়কদের সঙ্গে সেই বৈঠক শেষ করেই তিনি সোজা চলে আসবেন ফলতায়।

সেখানে বিজেপি প্রার্থীর সমর্থনে হাই-ভোল্টেজ কর্মিসভা ও জনসভা করার কথা রয়েছে তাঁর। হেভিওয়েট এই নেতার কর্মসূচি নিশ্চিত হওয়ার পর থেকেই ফলতা এলাকার বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে।

ভোটের ঠিক দুদিন আগে প্রচারের শেষ লগ্নে একদিকে মুখ্যমন্ত্রীর রোড শো, আর অন্যদিকে বিরোধী দলনেতার জনসংযোগ— এই দুই কর্মসূচিকে কেন্দ্র করে ফলতায় রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনও বাড়তি সতর্কতা অবলম্বন করছে। শেষ পর্যন্ত ফলতার রাশ কার হাতে থাকে, এখন সেটাই দেখার।