ঠান্ডা পানীয় খাওয়ার পরেই ছটফটানি, তারপর সব শেষ! মালদার কিশোরী মৃত্যুর ঘটনায় তোলপাড় ইংরেজবাজার!

ঠান্ডা পানীয়র সঙ্গে মারাত্মক বিষ মিশিয়ে এক কিশোরীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল মালদায়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজার থানা এলাকায়। মৃত কিশোরীর পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছিল চলতি মাসের ২ মে। অভিযোগ, সেদিন ওই নাবালিকাকে ফুসলিয়ে ঠান্ডা পানীয় বা কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো হয়। কিন্তু সেই পানীয়র মধ্যেই আগে থেকে বিষ মিশিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ পরিবারের। কোল্ড ড্রিঙ্কসটি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তীব্র পেটে যন্ত্রণা শুরু হয় ওই কিশোরীর এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। সেখানে দীর্ঘ প্রায় দুই সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল ওই নাবালিকা। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে অবশেষে শুক্রবার হাসপাতালের বেডেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।
মেয়ের মৃত্যুর পরেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। তীব্র ক্ষোভ উগরে দিয়ে পরিবারের সদস্যরা ইংরেজবাজার থানায় গিয়ে খুনের লিখিত অভিযোগ দায়ের করেন। কেন ওই নাবালিকাকে বিষ মেশানো পানীয় খাওয়ানো হলো, এর পেছনে কোনো পুরনো শত্রুতা নাকি অন্য কোনো অভিসন্ধি রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার আসল কারণ জানার চেষ্টা চলছে। এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।